২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্রয়যোগ্য সেবায় র‌্যানসমওয়্যার

ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে সস্তা র‌্যানসমওয়্যার তৈরি করে ডার্ক ওয়েবের একটি সাইটে তা বিনামূল্যে ডাউনলোডের সুযোগ দেওয়া হচ্ছে। র‌্যানসমওয়্যার এমন এক ধরনের ম্যালওয়্যার যা কম্পিউটার ফাইল এনক্রিপশনের মাধ্যমে আটকে রেখে, কম্পিউটার মালিকের কাছে অর্থ দাবি করে এবং হুমকি দেয় অর্থ না পেলে সব ফাইল মুছে দেওয়া হবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 08:26 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

কম্পিউটার মালিক ফাইল বাঁচাতে অর্থ দিলে ফাইল ডিক্রিপ্ট করার ‘কি’ দিয়ে দেওয়া হয়, আর তা না করলে নির্দিষ্ট সময় পরে এনক্রিপ্টেড করে রাখা ফাইলগুলো মুছে দেওয়া হয়। এতদিন এ ম্যালওয়্যারটি শুধু সাইবার অপরাধীরাই ব্যবহার করত, কিন্তু এখন ডাউনলোডের সুযোগ চলে আসায় চাইলে যে কোনো ব্যক্তি এটি ব্যবহার করতে পারবেন।

র‌্যানসম৩২ নামের ওই ম্যালওয়্যারটি ডাউনলোডের শর্ত হচ্ছে, যিনি ডাউনলোড করবেন, তাকে অবশ্যই নিজ বিটকয়েন ওয়ালেট নাম্বার দিতে হবে এবং এই র‌্যানসমওয়্যারটির সাহায্যে ওই ব্যক্তি যা অর্থ পাবেন তার ২৫ শতাংশ ম্যালওয়্যারটি‍র ডেভেলপারকে দিতে হবে।

এবারের বড়দিনের মৌসুমে অসংখ্য মানুষ এই র‌্যানসমওয়্যারটির শিকার হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। এ প্রসঙ্গে ভিন্ন সংবাদমাধ্যম ব্লিপিং কম্পিউটার-এর সম্পাদক লরেন্স অ্যাব্রামস জানিয়েছেন, যারা কারিগরি জ্ঞানের অভাবে নিজের জন্য এ ধরনের ম্যালওয়্যার তৈরি করতে পারেন না, মূলত তাদের জন্যই র‌্যানসম৩২ ডিজাইন করা হয়েছে।

র‌্যানসম৩২ নামেও ওই ম্যালিশাস প্রোগ্রাম ও এটির অ্যাডমিনস্ট্রেশন সিস্টেম তৈরিতে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। এইচটিএমএল, সিএসএস ও জাভাস্ক্রিপ্ট তিনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই মূলধারার সাইট তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। ধারণা করা হচ্ছে, এসব ল্যাঙ্গুয়েজ-এ লেখা প্রথম কম্পিউটার ভাইরাস হচ্ছে র‌্যানসম৩২।

সম্পূর্ণ বিষয়টি নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞ গ্রাহাম ক্লুলেই বলেন, “র‌্যানসমওয়্যার-কে বিক্রয়যোগ্য সেবায় পরিণত করায় এখন অন্যান্য হ্যাকাররা সহজেই এর সুযোগে বিভিন্ন আক্রমণ চালাতে পারবে যা ব্যবহারকারীর ডকুমেন্ট, ব্যক্তিগত ছবি, সংগ্রহে থাকা চলচ্চিত্র এবং আরও অনেক কিছু এনক্রিপ্ট করে দেবে।”

যারা বেসিক কন্ট্রোল প্যানেল-এর মাধ্যমে র‌্যানসম৩২ চালিয়ে থাকেন, তাদেরকে নিজ ইচ্ছামতো ম্যালওয়্যারে পরিবর্তন সাধনের সুযোগ দেওয়া হয় এবং কীভাবে আক্রমণ চালাতে হবে, সে বিষয়ে নানা ধরনের পরামর্শও দেওয়া হয়। এরকমই এক পরামর্শে এক বাগ ডেভেলপার বলেছেন, “বেশি লোভী হবেন না, তাহলে মানুষ অর্থ নাও দিতে পারে।”

এক ব্লগপোস্টে নিরাপত্তা প্রতিষ্ঠান এমসিসফট-এর ফ্যাবিয়ান ওসার জানান, এই ঝামেলা থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে উত্তম উপায় হচ্ছে, ফাইলের ব্যাক আপ রাখা। এই পদ্ধতিতে অর্থও খরচ হবে না, ফাইল মুছে দিলেও ডেটা হারানোর ভয় থাকবে না।