গুগল যুদ্ধে ফেইসবুকের রণসাজ
বিজ্ঞাপন আর সার্চ ব্যবসা, সবক্ষেত্রেই বাড়ছে সোশাল জায়ান্ট ফেইসবুক আর ওয়েব জায়ান্ট গুগলের প্রতিদ্বন্দ্বীতা। সম্পর্কের টানাপোড়েনকে সামনে রেখে এবার অনেকটা আটঘাঁট বেধেঁই মাঠে নামছে ফেইসবুক।
গুগল যদি তাদের প্লে স্টোর ফেইসবুকের অ্যান্ড্রয়েড অ্যাপ সরিয়ে দেয় তখন কী হবে? এ হিসেব করে একবছর আগে থেকেই নাকি ফেইসবুক সম্ভাব্য পরিকল্পনা করে রেখেছে, গোপন সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেট।
এই পরিকল্পনার শুরুতে, অ্যাপ পারচেইজের মতো গুগল প্লে-এনাবলড অ্যাপগুলোর মধ্যে ব্যবহারকারীরা যে সব সেবা পান তার রেপ্লিকা বানাবে ফেইসবুক। মানুষ যাতে স্টোরের বাইরে থেকেও তাদের অ্যাপ ডাউনলোড করতে পারে তার জন্য সহায়তা করতে উপায়ও বাড়াবে প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে মানুষকে ঠিকানাবিষয়ক তথ্য প্রদানে গুগল ম্যাপের বিকল্প পন্থা নিয়েও ভাবছে তারা।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ফেইসবুকের অ্যাপের কতটা নির্ভরশীল, তা যাচাইয়ে ফেইসবুক হয়তো অনেক দূর চলে গিয়েছে। গুগল প্ল্যাটফর্মে ফেইসবুক অ্যাপ ব্যবহার করতে না পারলে মানুষ ফেইসবুক ব্যবহার ছেড়ে দেবে কিনা তা নিয়েও যাচাই বাছাই করেছে প্রতিষ্ঠানটি। নিজেদের পাওয়া তথ্যমতে, এটা নিয়ে প্রতিষ্ঠানটির চিন্তার কিছু নেই। অনলাইন বন্ধুদের সঙ্গে যোগাযোগ হারানোর চেয়ে তাদের মোবাইল ওয়েবসাইট ব্যবহারেই আগ্রহী হবে বলে মনে করছে তারা।
খুব শিগগিরই এমন ফেইসবুককে এমন পরিকল্পনা বাস্তবায়ন করার প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না, বিশেষত দুই প্রতিষ্ঠানের মধ্যে কিছু চুক্তি এমনটাই ইঙ্গিত করছে।
অন্যদিকে, ফেইসবুক ব্যবহারকারীরা না থাকলে গুগলকে প্লে স্টোর আর আর ইন-অ্যাপ রেভিনিউ থেকে বড় একটা অংক হারাতে হবে। এদিক থেকে গুগলও রাতারাতি ফেইসবুক অ্যাপ সরিয়ে নেওয়ার মতো সিদ্ধান্ত নেবে বলে মনে হচ্ছে না। এক্ষেত্রে, গুগলের অ্যাপ নীতিমালা কঠোর দাবি করে ফেইসবুক যে প্লে স্টোরকে ধোঁকা দেবে না, তাও নিশ্চিতভাবে বলা যায় না।
এ বিষয়ে গুগলও আগে থেকে সতর্ক কিনা তা এখনও জানা যায়নি। আর ফাঁস হওয়া তথ্য নিয়ে কোনো মন্তব্য করেনি ফেইসবুক।
