২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফোর্ড-এ অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো

অবশেষে নিজেদের গাড়িতে ‘ইন-কার ইনফোটেইনমেন্ট সিস্টেম’ হিসেবে অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সংযুক্ত করতে যাচ্ছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড। যুক্তরাষ্ট্রের লাস ভেগাস-এ অনুষ্ঠিতব্য প্রযুক্তিপণ্য মেলা ‘কনজিউমার ইলেকট্রনিক্স শো’ (সিইএস ২০১৬)-কে সামনে রেখে এমন ঘোষণাই দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 08:21 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

২০১৫ সালে নিজেদের গাড়িতে তৃতীয় প্রজন্মের প্রযুক্তি ‘সিঙ্ক-৩’ যুক্ত করেছিল ফোর্ড। আগামিতে সেখানে অ্যাপল ও গুগল-এর ইন-কার প্লাটফর্ম যুক্ত করবে এই প্রতিষ্ঠান। ২০১৭ সাল থেকে নিজেদের সব মডেলের গাড়িতে সিঙ্ক-৩ ইনফোটেইনমেন্ট সিস্টেম সুবিধা থাকবে বলে জানিয়েছে ফোর্ড। আর ২০১৬ সালের ফোর্ড মডেলগুলোর জন্য চলতি বছরের শেষদিকে এই আপডেট নিয়ে আসা হবে।

অ্যাপল ২০১৪ সালের মার্চ মাসে ‘কারপ্লে’ উন্মোচন করার পর থেকেই ফোর্ড নিজ গাড়িতে এ প্রযুক্তিটি ব্যবহারে আগ্রহী ছিল বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ। অ্যাপল কারপ্লে-এর মাধ্যমে চালক সিরি, অ্যাপল ম্যাপ এবং অন্যান্য নানা সুবিধা পাবেন। পাশাপাশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড অটো ফিচারের মাধ্যমে গুগল-এর বিভিন্ন সেবা ব্যবহার করতে পারবেন। 

এ ছাড়াও অ্যাপলিংক প্লাটফর্মের জন্য নতুন বেশ কিছু সংখ্যক অ্যাপও যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে এএএ সদস্য সেবা এবং ‘ইভেন্টসিকার লোকেশন সার্ভিস’। এছাড়াও এতে ৪জি সংযুক্ত ফিচার ব্যবহার করা হয়েছে। ফলে ফোনের সাহায্যেই গাড়ি চালু করা, দরজা আনলক করা, জ্বালানী পরীক্ষা এবং গাড়ির অবস্থান সম্পর্কে জানা যাবে।

বর্তমানে সিঙ্ক প্রযুক্তি সম্বলিত নিজেদের প্রায় দেড়কোটি গাড়ি রাস্তায় চলছে বলে জানিয়েছে ফোর্ড।