জোঁট বেঁধেছে জিএম-লিফট
চালকবিহীন গাড়ি তৈরির লক্ষ্যে জোঁট বেঁধেছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটর্স (জিএম) এবং যুক্তরাষ্ট্রের অনলাইন পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠাতা লিফট।
এই জোঁট বাঁধার ফলাফল— জেনারেল মোটর্স লিফট-এ ৫০ কোটি ডলার বিনিয়োগ করবে, বিষয়টি লিফট-এর শতকোটি ডলার তহবিল সংগ্রহের একটি অংশ হিসেবেই ধরা হবে এবং জেনারেল মোটর্স, স্যান-ফ্রান্সিসকোভিত্তিক পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠানটির বোর্ডে বসার সুযোগ পাবে।
সাম্প্রতিক এই জোঁট প্রসঙ্গে জিএম প্রেসিডেন্ট ড্যান আম্যান বলেন, “ব্যক্তিগত গতিশীলতার ভবিষ্যতকে আমরা যুক্ত, অক্ষুন্ন এবং স্বয়ংক্রিয় হিসেবেই দেখছি।” অন্যদিকে লিফট প্রেসিডেন্ট জন জিমার জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠানও জিএম-এর দৃষ্টিভঙ্গিতে আস্থা রাখে।
জিএম-লিফট জোঁটটি প্রধান দুটি ক্ষেত্রে মনোযোগ দেবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। প্রথম ক্ষেত্রটি হচ্ছে, প্রতিষ্ঠান দুটি স্বয়ংক্রিয় গাড়ির একটি যৌথ নেটওয়ার্ক গড়ে তুলবে। এ প্রসঙ্গে জিএম প্রেসিডেন্ট আম্যান জানান, “জিএম ও লিফট যৌথভাবে কাজ করলে, আমার বিশ্বাস সফলভাবে আমাদের লক্ষ্য আরও দ্রুত বাস্তবায়িত হবে।” তিনি আরও বলেন, “আমরা দেখছি, আগামী ৫ বছরে বিশ্বের গতিশীলতায় যে পরিবর্তন আসছে, গত ৫০ বছরেও তা হয়নি।” এ ছাড়া দ্বিতীয় যে ক্ষেত্রটি নিয়ে কাজ করা হবে, তা হল- লিফট চালকরা যাতে জিএম-এর গাড়ি সহজে ভাড়া নিতে পারেন।
স্বয়ংক্রিয় গাড়ি বিষয়ে জিএম-লিফট সম্প্রতি জোঁট বাঁধলেও, অন্যান্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অনেক আগে থেকেই বিষয়টি নিয়ে কাজ করছে, এর মধ্যে রয়েছে টেসলা, ডাইমলার-এর মতো প্রতিষ্ঠান। অন্যদিকে গুগল এবং অ্যাপল-এর মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও পিছিয়ে নেই। এ ক্ষেত্র নিয়ে প্রতিষ্ঠানগুলো গবেষণায় নেমেছে অনেক আগেই।
প্রযুক্তি প্রতিষ্ঠান ও গাড়ি নির্মাতারা স্বয়ংক্রিয় গাড়ি নির্মাণে সফল হলেও, এ নিয়ে শঙ্কা দূর করতে পারছেন না নিয়ন্ত্রকরা। এ ধরনের গাড়ি তৈরি হলেও, সেটিকে রাস্তায় নামার অনুমতি দেওয়া ঠিক হবে কিনা সে বিষয়টি নিয়ে এখনও দ্বিধার মধ্যেই রয়েছেন তারা।
