৬ জানুয়ারি থেকেই ‘রিফট’ প্রি-অর্ডার
আগ্রহী ক্রেতারা চাইলে ৬ জানুয়ারি থেকেই ‘রিফট’ ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) হেডসেট কেনার জন্য প্রি-অর্ডার করতে পারবেন। হেডসেটটি তৈরি করেছে ফেইসবুক মালিকানাধীন ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট নির্মাতা প্রতিষ্ঠান অকুলাস।
৬ জানুয়ারি স্থানীয় সময় বিকাল ৪ টা (১৬:০০ গ্রিনইউচ মাণ সময়) থেকে প্রি-অর্ডার নেওয়া শুরু করবে প্রতিষ্ঠানটি। তবে হেডসেটটির মূল্য কত হতে পারে বা প্রি-অর্ডার করলেও কবে নাগাদ হেডসেটটি ক্রেতার হাতে পৌঁছাবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
এ প্রসঙ্গে এক ব্লগ পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, “আপনাদের যা যা জানা দরকার আমরা তার সবই জানাব... কিন্তু বুধবার”। এদিকে ৬ জানুয়ারি থেকেই শুরু হতে যাচ্ছে কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস)। হতে পারে সিইএস-কে কেন্দ্র করে ক্রেতাদের জন্য প্রি-অর্ডার সুবিধা ছাড়ছে অকুলাস, কারণ যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত ওই অনুষ্ঠানটিতে হেডসেটটি উন্মোচন এবং প্রদর্শন করা হবে।
প্রি-অর্ডার করা ডিভাইসগুলোতে বিনামূল্যে লাকি’স টেইল অ্যান্ড ইভ, ভ্যাল্কায়ার ইত্যাদি বেশ কিছু ভিডিও গেইম দেওয়া থাকবে বলে জানিয়েছে বিবিসি। অন্যদিকে ইন্ডাস্ট্রি পর্যবেক্ষকরা ভিআর হেডসেটটির মূল্যের ব্যাপারে বেশ আগ্রহী। তবে তাদের আশঙ্কা, ভিআর হেডসেটটির যে মূল্য নির্ধারণ করা হবে, তা হয়ত সাধারণ ক্রেতার হাতের নাগালের বাইরেই থাকবে।
২০১৫ সালের মে মাসে অকুলাস প্রধান ব্রেন্ডান আইরিব জানিয়েছিলেন, পিসিচালিত রিফট-এর মূল্য ১,৫০০ ডলার হতে পারে। এ ছাড়াও নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও জানানো হয়েছিল, গ্রাহকদের-জন্য প্রস্তুত করা ভিআর হেডসেট-এর মূল্যও প্রায় একই রকম হতে পারে। এখন পর্যন্ত অকুলাস শুধু রিফট হেডসেটটির শুরুর দিকের প্রটোটাইপ দেখিয়েছে এবং সে প্রটোটাইপটিরও মূল্য ছিল ৩৫০ ডলার।
২০১৪ সালে ২০০ কোটি ডলারের বিনিময়ে ‘অকুলাস’-এর মালিকানা লাভ করে ফেইসবুক। সে সময় প্রতিষ্ঠানটি জানিয়েছিল, অকুলাস-এর এই নতুন প্রযুক্তিকে ‘যোগাযোগ, মাধ্যম ও বিনোদন, শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে’ ব্যবহার করার পরিকল্পনা রয়েছে তাদের।
