বিশাল জরিমানার মামলায় ইয়াহু
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু-এর বিরুদ্ধে দেশটির টেলিযোগাযোগ প্রতিষ্ঠান স্প্রিন্ট-এর গ্রাহকদের অযাচিত টেক্সট মেসেজ পাঠানোর অভিযোগ আনা হয়েছে। সোমবার দেশটির টেলিফোন কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট (টিসিপিএ) -এর অধীনে যুক্তরাষ্ট্রের শিকাগো কেন্দ্রীয় আদালত এই অভিযোগ দায়ের করে।
২০১৩ সালে পাঠানো ওই টেক্সটগুলো নিয়ে ব্যবহারকারীদের অভিযোগ অনেকটা একই রকম হওয়ায় তারা এ বিষয়ে একত্রিত হয়ে মামলা করতে পারেন বলে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ মনিশ শাহ।
আদালতে দাখিল করা দলিল অনুযায়ী ৫ লাখেরও বেশি ব্যবহারকারী এই মামলার অংশ হতে পারেন। বাদীপক্ষের অভিযোগ মতে, ইয়াহু মেসেঞ্জার সার্ভিস ব্যবহার করে ব্যবহারকারীদের পাঠানো আলাদা আলাদা মেসেজের বিপরীতে ইয়াহুর পক্ষ থেকে স্বয়ংক্রিয় 'ওয়েলকাম' মেসেজ পাঠানো হয়। ওই মেসেজে ইয়াহু সার্ভিসের অননুমোদিত প্রচারণা চালানো হয়, যা দেশটির টিসিপিএ লঙ্ঘন করে। এই আইনে অযাচিত টেলিমার্কেটিং নিষিদ্ধ করা হয়েছে। বাদীপক্ষে অভিযোগ অনুযায়ী এই লঙ্ঘন ইচ্ছাকৃতভাবে করার প্রমাণ পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে প্রতি মেসেজের জন্য দেড় হাজার ডলার করে ক্ষতিপূরণ দেওয়া লাগতে পারে।
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অধিবাসী র্যামচেল জনসন প্রথম এই মামলা দায়ের করেন। মামলায় ইয়াহুর দাবি প্রত্যাখ্যান করেছেন বিচারক শাহ।
২০১৪ সালে টি-মোবাইল গ্রাহকদেরও এমন মেসেজ পাঠিয়েছিল ইয়াহু। তবে, এক্ষেত্রে অনুমোদন ছিল জানিয়ে এ নিয়ে মামলা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে ইয়াহু কোনো মন্তব্য করেনি বইলে জানিয়েছে রয়টার্স।
জনসনের আইনজীবী কিথ কিওহ্ বলেন, “আমরা আদালতের পুরো বিশ্লেষণ পছন্দ করেছি।”
