২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিআর: ভালো না খারাপ?

মানুষ যাতে ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট কিনতে দ্বিধাবোধ না করেন, সেজন্য কৃত্রিম জগতকে বাস্তবতার কাছাকাছি নিয়ে আসতে গত কয়েক বছরে যাবত বেশ খাটাখাটি করেছেন ডেভেলপাররা। ফলাফলও খারাপ আসেনি। কিন্তু এখন প্রশ্ন একটাই, যদি ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তির কৃত্রিম জগত ‘খুব বেশি বাস্তবধর্মী’ হয়ে যায়, তাহলে কি সেটা ব্যবহারকারীর আচরণের উপর কোনো প্রভাব ফেলবে?

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 08:58 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি-এর ভার্চুয়াল হিউম্যান ইন্টারঅ্যাকশন ল্যাব-এর গবেষকরা উত্তরে জানিয়েছেন, ভিআর প্রযুক্তির ফলে ব্যবহারকারীর আচরণ পরিবর্তনের বেশ বড় সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে। ভার্চুয়াল হিউম্যান ইন্টারঅ্যাকশন ল্যাব ২০০৩ সাল থেকে ভিন্ন বাস্তবতা নিয়ে গবেষণা করছে বলে জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

এ প্রসঙ্গে ওই ল্যাবের পরিচালক অধ্যাপক জেরেমি বেইলেনসন বলেন, “আমি মূলত একটি প্রশ্নকে কেন্দ্র করেই গবেষণা করেছি: ভিআর অভিজ্ঞতা কী আপনি যেভাবে চিন্তা করেন এবং অন্যদের সঙ্গে ব্যবহার করেন তা পরিবর্তন করে দেয়? সাধারণত আমি উত্তর হিসেবে পেয়েছি, হ্যাঁ।”

অন্যদিকে ভার্চুয়াল রিয়ালিটি-এর দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে এখনও নিশ্চিত নন গবেষকরা। তবে এটি যে টিভি, ইন্টারনেট বা মোবাইল ফোন-এর মতো অন্যান্য প্রযুক্তিপণ্য থেকে বড় প্রভাব ফেলবে, সে বিষয়ে তারা নিশ্চিত। কারণ হিসেবে গবেষকরা জানিয়েছেন, প্রযুক্তিটি অনেকটাই বাস্তব জীবনের মতো অভিজ্ঞতা দেয় যা অন্য প্রযুক্তিপণ্যগুলো সেভাবে দিতে পারে না ব্যবহারকারীদের।

স্ট্যানফোর্ড ল্যাব-এর পরীক্ষায় গবেষকরা দেখেছেন, একটি মাত্র ভার্চুয়াল অভিজ্ঞতাও মানুষের আচরণে পরিবর্তন নিয়ে আসতে সক্ষম। ভিআরবিষয়ক এক গবেষণায় গবেষকরা একজন ‘সাবজেক্ট’-কে কৃত্রিম একটি গাছ কাটতে বলেছিলেন, আরেকজনকে বলেননি। পরে দেখা যায়, যিনি কৃত্রিম গাছ কেটেছেন, অন্যজনের তুলনায় তিনি তুলনামূলকভাবে কম ‘পেপার টাওয়েল’ ব্যবহার করছেন।

মানুষ যাতে ভার্চুয়াল রিয়ালিটি-এর মাধ্যমে ‘ফোবিয়া’ দুর করতে পারেন, সে লক্ষ্যে অনেক ডেভেলপারই বিভিন্ন প্রোগ্রাম ডিজাইন করছেন। কিন্তু আদতে ফলাফল কোথায় গিয়ে দাঁড়াতে পারে, সে বিষয়টি এখনও সবারই অজানা। এ বিষয়ে অধ্যাপক বেইলেনসেন বলেন, “মূল প্রশ্নটি হচ্ছে: ভিআর ভালো নাকি খারাপ? আপনি এই প্রশ্নটি কখনও লেখা কোনো কিছু বা ভিডিও নিয়ে করবেন না। আমি আশা করছি মানুষ এটি সতর্কতার সঙ্গেই ব্যবহার করবে ... আমরা জানি না এর ফলাফল কী হতে পারে?”