জাপানে ‘স্ট্রিট ফাইটার’ ৫-এর ‘স্পেশাল এডিশন’
বহুপ্রতিক্ষিত ফাইটিং ভিডিও গেইম স্ট্রিট ফাইটার ৫-এর মূল সংস্করণ বিশ্ববাজারে ছাড়ার সঙ্গে সঙ্গে জাপানের বাজারের জন্য গেইমটির বিশেষ সংস্করণ আনার ঘোষণা দিয়েছে গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান ক্যাপকম।
নিজেদের জাপানি অনলাইন স্টোরে ‘স্ট্রিট ফাইটার ৫’-এর ‘স্পেশাল এডিশন’ আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। গেইমটির নতুন ‘ভলকানিক এডিশন’-এর দাম রাখা হয়েছে ১২,৯৯০ ইয়েন আর ‘ভ্যালুয়েবল এডিশন’-এর দাম রাখা হয়েছে ১১,৯৯০ ইয়েন। তবে বিশেষ এই সংস্করণগুলো জাপানের বাইরে পাওয়া যাবে কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি।
ভ্যালুয়েবল এডিশনে আছে- ডেভেলপারদের ইন্টারভিউ, বিভিন্ন চরিত্র- রাইউ, চুন-লি, কামি আর মিস্টার বাইসনের কস্টিউম, ভাইটাল বক্স (এতে আছে গেইমটির বিশেষ আর্ট আর বিভিন্ন মুভের একটি তালিকা), ১ হাজার জেনির (গেইমটিতে ব্যবহৃত মুদ্রা) কোড, গেইমের নির্দেশনার জন্য এক ঘন্টার একটি ডিভিডি।
ভলকানিক এডিশনে উপরের সব ফিচারের সঙ্গে রাখা হয়েছে রাইউ আর চুন-লি’র জন্য এক্সক্লুসিভ কস্টিউম ও বাড়তি জেনি।
চলতি বছর ১৮ ফেব্রুয়ারিতে জাপানে দুটি গেইম একসঙ্গে বের করা হবে। দুটি গেইমই প্লেস্টেশন আর পিসি-এর জন্য পাওয়া যাবে বলে জানিয়েছে গেইমিংবিষয়ক সাইট গেইমস্পট।
১৬ ফেব্রুয়ারি ইউরোপ আর উত্তর আমেরিকায় স্ট্রিট ফাইটার ৫ গেইমটি বের করা হবে। সম্প্রতি গেইমটিতে ভালভ-এর স্ট্রিম কন্ট্রোলার ব্যবহার করা যাবে বলে ঘোষণা দেয় ক্যাপকম।
