২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্ষুদ্রতম ক্যামেরাবাহী ড্রোন’ অ্যাক্সিস ভিডিয়াস

প্রতিনিয়ত কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এর (এফএএ) ড্রোনবিষয়ক নীতিমালা। সাম্প্রতিক নিয়ম মেনে নিজ নিজ ড্রোন নিবন্ধন করাতে হচ্ছে মার্কিন ড্রোন ব্যবহারকারীদের। আর এর মধ্যেই বাজারে আসছে ‘অ্যাক্সিস ভিডিয়াস’, বলা হচ্ছে এখন পর্যন্ত বিশ্বের ‘ক্ষুদ্রতম ক্যামেরাবাহী ড্রোন’ এটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 08:48 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

অ্যাক্সিস ভিডিয়াস কোয়াডকপ্টারটির সঙ্গে ক্যামেরা জুড়ে দিয়ে ৪২০পিক্সেল রেজুলিউশনের ভিডিও ধারণ করা এবং ওই ভিডিও লাইভ স্ট্রিম করা যাবে। অন্যদিকে ড্রোনটি আকারে ছোট হওয়ায় ব্যবহারকারীরা সবচেয়ে বড় যে সুবিধাটি পাবেন, তা হল- এফএএ-এর অধীনে ড্রোনটিকে নিবন্ধন করাতে হবে না। এফএএ-এর নিয়ম অনুযায়ী যে ওজনের ড্রোন নিবন্ধন করতে বলা হয়েছে, অ্যাক্সিস ভিডিয়াস-এর ওজন তার তুলনায় অনেক কম।

ড্রোনটির ওজন ০.৫৫ পাউন্ডেরও কম এবং এটি এতটাই ছোট যে ব্যবহারকারীরা চাইলে এটি হাতের মুঠোয় নিয়ে ঘুরতে পারবেন। ড্রোনটি আকারে প্রায় ১.৫ ইঞ্চি আকৃতির হবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। তবে কোয়াডকপ্টারটি ব্যবহারকারীদের আকৃতি ও এফএএ-এর নিবন্ধন ঝামেলা থেকে মুক্তি দিলেও, খুব বেশিক্ষণ উড়তে পারবে না।

২০ মিনিটের ইউএসবি চার্জে অ্যাক্সিস ভিডিয়াস কোয়াডকপ্টারটি ৫ থেকে ৭ মিনিট উড়তে পারবে। ড্রোনটির সঙ্গে ২.৪ গিগাহার্টজের কন্ট্রোলার দেওয়া হয়েছে এবং ব্যবহারকারীরা চাইলে স্মার্টফোন বা ট্যাবলেট থেকেই ড্রোনটি নিয়ন্ত্রণ করতে পারবেন।

২৯ জানুয়ারি বাজারে আসবে ভিডিয়াস অ্যাক্সিস কোয়াডকপ্টার। তবে ক্রেতারা চাইলে প্রি-অর্ডারের মাধ্যমে ৭ জানুয়ারির মধ্যে ৭৫ ডলারে ড্রোনটি কিনতে পারবেন। বাজারে আসার পর ড্রোনটি কিনতে খরচ হবে ৯৫ ডলার।