২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডোজ ফোনের বাজার ‘অনিশ্চিত’: নাদেলা

স্মার্টফোনের বাজারে উইন্ডোজ ফোনের ভবিষ্যত এখনও ‘অনিশ্চিত’ বলে স্বীকার করে নিয়েছেন মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট-এর প্রধান নির্বাহী সত্য নাদেলা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 05:24 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

বাজফিড নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করে নেন নাদেলা। তিনি বলেন, “আজকে স্মার্টফোনের বাজারে আমরা খুব একটা ভাল অবস্থানে নেই, এটা নিয়ে কোনো সন্দেহও নেই।” তবে, কোনো পণ্য বা সেবার অবস্থা মাপতে বাজারে দখল একমাত্র ‘বেঞ্চমার্ক’ নয় বলে মনে করেন তিনি।

“বাজারে হলোলেন্স-এর অবস্থান কী? এক্সবক্স-এর অবস্থান কী? পিসি-এর অবস্থা কী? শুধু এগুলোর দিকে তাকিয়ে আমরা আমাদের সাফল্য মাপতে গেলে আমাদের নিজেদের ক্ষতি করা হবে”--বলেন নাদেলা।

তিনি আরও বলেন, “অভিজ্ঞতার গতিশীলতা নিয়ে কী বলেছিলাম সে দিকে ফিরে যাচ্ছি। যদি আপনি একটি লেখচিত্রের বিবেচনা করেন, এই সব ডিভাইস এক একটি বিন্দু। কখনও ব্যবহারকারীরা সবগুলো ডিভাইস ব্যবহার করবেন...কখনও তারা আমাদের একটি বা দুটি ডিভাইস আর বাকিগুলো অন্য প্ল্যাটফর্মের ডিভাইস ব্যবহার করবেন। কিন্তু আমরা সবগুলো ডিভাইসের অভিজ্ঞতা সম্পন্ন করেছি এটা নিশ্চিত করতে চাই।”

মোবাইল বাজারের দিকে তাকালে, উইন্ডোজ ফোন প্রতিদ্বন্দ্বী দুই অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড আর আইওএস-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় খুব একটা ভাল করতে পারেনি। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান গার্টনারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, স্মার্টফোনের বিশ্ববাজারে মোটে ১.৭ শতাংশ আছে উইন্ডোজ ফোনের দখলে।

মোবাইল বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে উইন্ডোজ ১০ আর উইন্ডোজ ১০ মোবাইলকে মাইক্রোসফটের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেখছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ইউনিভার্সাল উইন্ডোজ অ্যাপও বাজারে এনেছে মাইক্রোসফট, যা দিয়ে ডেভেলপাররা দ্রুত ডেস্কটপ অ্যাপ বানাতে পারবেন আর অনেকটা একই কোড রেখে ওই অ্যাপের উইন্ডোজ ১০ মোবাইল সংস্করণ বানাতে পারবেন।