এআই কোডিং করবেন জাকারবার্গ
আয়রন ম্যান ভক্তরা নিশ্চয় জার্ভিস এর কথা ভুলে যাননি, টনি স্টার্ক-এর যাবতীয় বৈজ্ঞানিক এবং ক্ষেত্রবিশেষে উদ্ভট কর্মকাণ্ডের সঙ্গী ছিল জার্ভিস। হয়তো সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে নতুন বছরে নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সিস্টেম তৈরির পরিকল্পনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
৪ জানুয়ারি এক ফেইসবুক পোস্টে ফেইসবুক প্রধান লেখেন— “আমি প্রতি বছর নিজের জন্য একটি ব্যক্তিগত চ্যালেঞ্জ নির্ধারণ করি। এ বছর আমার চ্যালেঞ্জটি হচ্ছে ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি এআই প্রোগ্রাম তৈরি করা। আপনারা বিষয়টিকে অনেকটা আয়রন ম্যানের জার্ভিস-এর সঙ্গে তুলনা করতে পারেন।”--বলেন জাকারবার্গ। প্রচলিত এআই-এর সঙ্গে তার ব্যক্তিগত এআই-এর তেমন কোনো পার্থক্য থাকবে না বলেও জানিয়েছেন ওই প্রযুক্তি উদ্যোক্তা।
জাকারবার্গ তার ব্যক্তিগত এআই-কে ‘ভয়েস কমান্ড’-এর মাধ্যমে কীভাবে গান বাজানো থেকে শুরু করে আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হয়, এর সবই শেখাতে চান বলে জানিয়েছে বিবিসি। এমনকি এআই সিস্টেমটিকে নিজের বন্ধুদের চিনতে এবং মেয়ে ম্যাক্স-এর দেখাশোনা করতে শেখাবেন বলে জানিয়েছেন তিনি। এতে করে তিনি যখন ম্যাক্স-এর কাছে থাকতে পারবেন না, তখন ম্যাক্সের কী দরকার হয় তা তিনি জানতে পারবেন।
সম্পূর্ণ বিষয়টিকে বেশ মজার একটি ব্যাপার হিসেবেই দেখছেন জাকারবার্গ। তার ভাষ্যে, “নিজের জন্য কোডিং করার বিষয়টি আমার কাছে ‘ইনটেলেকচুয়াল চ্যালেঞ্জ’-এর মতো মনে হচ্ছে এবং ব্যাপারটা বেশ মজার।” অন্যদিকে ফেইসবুক-এর উন্নয়ন ও নতুন সেবা আনার ব্যাপারেও ব্যক্তিগত-এ এআই ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে ব্যবহারের জন্য ‘এআই সিস্টেম’ বানাতে কাজ করছে ফেইসবুক কর্তৃপক্ষ। এআই নিয়ে প্রতিষ্ঠান হিসেবে ফেইসবুকের কর্মতৎপরতার মধ্যেই ব্যক্তিগত এআই সিস্টেম নির্মাণের ঘোষণা দিলেন জাকারবার্গ।
