ভূমিকম্পের পর সেইফটি চেক টুল
সোমবার ভোররাতে ভারতের মণিপুরে উৎপন্ন ভূমিকম্পে কেঁপে উঠে বাংলাদেশসহ, মিয়ানমার ও ভারতের উত্তরপূর্বাঞ্চল। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭। ভূমিকম্পের পর এসব এলাকার ব্যবহারকারীরা যেন বন্ধু ও পরিবারের সদস্যদের নিজেদের নিরাপদ থাকার খবর জানাতে পারেন সেজন্য সেইফটি চেক টুল চালু করেছে সোশাল জায়ান্ট ফেইসবুক।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মণিপুরের তামেংলঙ জেলায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)।
এক ফেইসবুক পোস্টে মার্ক জাকারবার্গ বলেন, “ভারতের উত্তরপূর্বাঞ্চলে একটি বড় ভূমিকম্প আঘাত হেনেছে। ব্যবহারকারীরা যেন তাদের বন্ধু ও পরিবারের সদস্যদের তাদের নিরাপদ থাকার খবর জানাতে পারেন সেজন্য সহায়তা করতে আমরা সেইফটি চেক টুল চালু করেছি।”
“ওই ভূকম্পন বাংলাদেশ, মিয়ানমার ও নেপালেও অনুভূত হয়েছে। আপনি যদি ওই এলাকার আশপাশে থাকেন, তবে আমরা সেইফটি চেক অ্যাকসেস করতে আপনাদের একটি নোটিফিকেশন পাঠাবো যাতে আপনি নিজের নিরাপদ থাকার খবর জানাতে পারেন ও আপনার কাছের মানুষরা নিরাপদে আছেন কিনা তাও জানতে পারবেন”--যোগ করেন তিনি।
বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হানার পর এ ধরনের ঘটনায় আহত হয়ে ২৯ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৩২ জন সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
জাকারবার্গ আরও বলেন, “আক্রান্ত এলাকার সবাইকে নিয়ে আমি চিন্তিত। আপনারা ও আপনাদের কাছের সবাই নিরাপদ ও সুস্থ থাকুন।”
ফেইসবুকের সেইফটি চেক টুল অ্যাকসেস করতে এই লিঙ্কে যেতে হবে।
গেল বছর নেপালের ভূমিকম্প ও প্যারিসের জঙ্গী হামলার সময়ও সেইফটি চেক টুল চালু করেছিল ফেইসবুক কর্তৃপক্ষ।
