নতুন অ্যাপ ‘মাইক্রোসফট সেলফি’
‘মেশিন-লার্নিং’ প্রক্রিয়ায় উন্নত সেলফি তুলতে পারবে এমন অ্যাপ উন্মোচন করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। বিনামূল্যে ডাউনলোডযোগ্য ওই অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘মাইক্রোসফট সেলফি’।
মাইক্রোসফট সেলফি অ্যাপটি ব্যবহারকারীর ছবি থেকে বয়স, ত্বকের রং এবং উজ্জ্বলতা বিবেচনা করবে এবং এভাবে ছবি থেকে শিখে ব্যবহারকারীকে উন্নত সেলফি পেতে সহায়তা করবে বলে জানিয়েছে আইএএনএস।
মোট ১৩টি ফিল্টারের মাধ্যমে ব্যবহারকারীর সেলফি’র রংয়ের ভারসাম্য, ত্বকের রং, উজ্জ্বলতা ইত্যাদি ঠিক করবে মাইক্রোসফটের এই নতুন অ্যাপটি। এ ছাড়াও এগুলোর মাধ্যমে ছবিতে ভিন্ন ভিন্ন ‘থিম’ ব্যবহার করা সম্ভব হবে।
উইন্ডোজ স্টোরে নিজেদের নতুন অ্যাপ প্রসঙ্গে মাইক্রোসফট লিখেছে, “অ্যাপটি বয়স, লিঙ্গ, ত্বকের রং, উজ্জ্বলতা এবং এ সম্পর্কিত আরও অনেক ডেটা গ্রহণ করে এবং একটি মাত্র ক্লিকের মাধ্যমেই স্বয়ংক্রিয়ভাবে সেলফিতে ভিন্ন ভিন্ন মডেল প্রয়োগ করে এবং নিজ কাজ শেষ করে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, “ব্যবহারকারী চাইলে সাধারণ ছবিকে নিমিষেই সুন্দর পোরট্রেইটে পরিণত করতে পারবে। এই অ্যাপটির অন্যতম প্রধান একটি ফিচার হচ্ছে ‘নয়েজ রিডাকশন’, নিজ থেকে সৌন্দর্য্য বৃদ্ধি, স্বয়ংক্রিয় এক্সপোজার এবং বর্ণিল থিম-এর প্রয়োগ। এ ছাড়াও ‘কমপেয়ার’ বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে আগের ছবি এবং অ্যাপটি ছবিতে যে পরিবর্তগুলো এনেছে তা বিবেচনা করতে পারবে।”
অ্যাপটি একটি ফিচারের সাহায্যে ছবি থেকে ব্যবহারকারীর বয়স চিহ্নিত করতে পারে। ইতোমধ্যেই মাইক্রোসফট-এর ‘হাউ ওল্ড ডু আই লুক?’ নামে একটি অ্যাপ রয়েছে যার মাধ্যমে ব্যবহারকারী যে কোনো ছবি বিশ্লেষণ করতে পারেন এবং ছবির মানুষটির বয়স কত তা আন্দাজ করার চেষ্টা করে থাকে অ্যাপটি।
