ভারতে আসছে সারফেস প্রো ৪
জানুয়ারির প্রথম সপ্তাহেই ভারতে সারফেস প্রো ৪ ট্যাবলেট লঞ্চ করতে যাচ্ছে মাইক্রোসফট। যে অনুষ্ঠানে ট্যাবলেটটি উন্মোচন করা হবে, সংবাদমাধ্যমগুলোকে ইতোমধ্যেই সে অনুষ্ঠানের যোগ দেওয়ার আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে ওই সময়ের মধ্যেই ভারত সফরে আসছেন মার্কিন সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সত্য নাদেলা।
প্রযুক্তিবিষয়ক সাইট গ্যাজেট৩৬০ জানিয়েছে, জানুয়ারির ৭ তারিখ দেশটির রাজধানী নয়া দিল্লীতে অনুষ্ঠিত হবে সারফেস প্রো ৪-এর ওই উন্মোচন অনুষ্ঠান।
মাইক্রোসফট সারফেস প্রো ৪-এর আকৃতি ১২.৩ ইঞ্চি। ট্যাবলেটটির ৩:২ অনুপাতের পিক্সেলটাচ ডিসপ্লের নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে ০.৪ মিলিমিটার পুরু কর্নিং গরিলা গ্লাস ৪, আর এর ডিসপ্লে রেজুলিউশন, ২৭৩৬ বাই ১৮২৪ পিক্সেল।
ট্যাবলেটটির সঙ্গে নতুন স্টাইলাস-ও থাকবে বলে জানিয়েছে গ্যাজেট৩৬০। প্রতিষ্ঠানটি নতুন ওই স্টাইলাসটির নাম দিয়েছে ‘সারফেস পেন’। সারেফেস প্রো-এর ওই নতুন স্টাইলাস ১,০২৪ প্রেসার পয়েন্ট পর্যন্ত চিহ্নিত করতে সক্ষম এবং এতে ‘ইরেজার’ রয়েছে বলেও জানিয়েছে গ্যাজেট৩৬০।
ইনটেল-এর ষষ্ঠ প্রজন্মের প্রসেসর দেওয়া হয়েছে সারফেস প্রো ৪-এ। মডেলভেদে কোর এম৩ থেকে কোর আই৫ এবং কোরআই ৭ প্রসেসর রয়েছে এতে। গ্রাফিক্স হিসেবে ট্যাবলেটটিতে মডেলভেদে ইনটেল এইচডি গ্রাফিক্স ৫১৫, ইনটেল ৫২০ এবং ইনটেল আইরিস গ্রাফিক্স এবং ৪ থেকে ১৬ গিগাবাইট র্যাম ব্যবহার করা হয়েছে।
ট্যাবলেটটিতে ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি থাকলেও এএসডি কার্ড-এর মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত মেমোরি সুবিধা পাওয়া যাবে এতে। এ ছাড়াও এতে রয়েছে ইউএসবি ৩.০ পোর্ট, মাইক্রোএসডি কার্ড রিডার, ৩.৫ মিলিমিটার হেডসেট জ্যাক, মিনি ডিসপ্লে পোর্ট, টাইপ কভার পোর্ট এবং সারফেসকানেক্ট পোর্ট। ৮ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে এতে।
নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট জানিয়েছে, সারফেস প্রো ৩-এর থেকে ৩০ শতাংশ ও অ্যাপলের ম্যাকবুক থেকে ৫০ শতাংশ বেশি দ্রুতগতির হবে নতুন সারফেস প্রো ৪ এবং ট্যাবলেটটি ৯ ঘন্টা পর্যন্ত ব্যাটারি সাপোর্ট দিতে পারবে।
