নোকিয়া সি১-এর ‘গোমর ফাঁস’
স্মার্টফোন যুগের শুরতে একচ্ছত্র আধিপত্য থাকলেও অনেকদিন ধরে বাজারে উপস্থিতি নেই ফিনিশ প্রতিষ্ঠান নোকিয়ার। কারণটাও হয়তো নোকিয়া ভক্তদের অজানা নয়। কিন্তু প্রতিষ্ঠানটি একেবারে হাল ছাড়েনি বলে নিশ্চিত করেছেন নোকিয়ার প্রধান নির্বাহী রাজিব সুরি। দীর্ঘদিন পর ২০১৬ সালেই বাজারে আসতে পারে নোকিয়ার লোগোবাহী স্মার্টফোন ‘সি১’।
বলা হচ্ছে, মাইক্রোসফটের সঙ্গে হওয়া চুক্তি ২০১৬ সালের চতুর্থ প্রান্তিকে অবসান হওয়ার অপেক্ষায় রয়েছে প্রতিষ্ঠানটি।
নোকিয়া সি১ স্মার্টফোন নিয়ে নানা গুজব শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। এবার ওই স্মার্টফোনের স্পেসিফিকেশন আর ছবি ফাঁস হয়েছে বলে গোপন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে মোবাইলফোন ও ডিভাইসের রিভিউদাতা সাইট জিএসএমঅ্যারিনা।
সাইটটির প্রতিবেদনে অনুযায়ী, সি১-এর ভিন্ন দৈর্ঘ্যের ডিসপ্লের দুটি মডেল বাজারে ছাড়তে পারে নোকিয়া। ভিন্ন হতে পারে ক্যামেরা সেটআপও।
৫ বা সাড়ে ৫ ইঞ্চির ফুলএইচডি ডিসপ্লে থাকতে পারে ওই স্মার্টফোনে। বলা হচ্ছে, সি১-এর প্রথম সংস্করণে থাকবে ২ জিবি র্যাম আর ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। অন্যটিতে ৩জিবি র্যামের সঙ্গে ৬৪জিবি স্টোরেজ সুবিধা থাকবে। ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সঙ্গে ৮ বা ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা নিয়ে হতে পারে এর ক্যামেরা সেটআপ।
সি১-এ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারের কথা রয়েছে। তবে বাজারভেদে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম থাকতে পারে এতে।
