স্মার্ট ফ্রিজে টাচস্ক্রিন
মানুষের দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার বাড়াতে ভিন্নধর্মী কৌশল অবলম্বনের জন্য আলাদা পরিচিতি আছে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের। সেই ধারা বজায় রেখেই যেন আসন্ন ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য প্রদর্শনী কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস)-এ প্রতিষ্ঠানটি আনতে যাচ্ছে টাচ স্ক্রিনবাহী নতুন স্মার্ট ফ্রিজ।
‘এটি দেখলে মনে হয় যেন একটি স্মার্ট ফ্রিজের দরজায় বিশাল বড় এক স্মার্টফোন জুড়ে দেওয়া হয়েছে’— জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। আর অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনগুলোর মতো এর নিচে রাখা হয়েছে ‘ক্যাপাসিটিভ’ বাটন। তবে ওই ফ্রিজ অ্যান্ড্রয়েড, টাইজেন নাকি অন্য কোনো অপারেটিং সিস্টেমে চলবে, সে তথ্য এখনও জানা যায়নি।
স্যামসাং আবার ৫ ইঞ্চির ডিভাইসের জন্য বানানো একটি ইউজার ইন্টারফেইস ওই ফ্রিজের দরজায় জুড়ে করে দেয়নি তো? অন্তত এমনটা আশঙ্কা করছে না সংবাদমাধ্যমটি।
দেখে যা মনে হয়, নতুন স্মার্ট ফ্রিজে আগের বছরগুলোতে বের করা মডেলগুলোর প্রায় সব ফিচারই থাকবে। এতে ব্যবহারকারী মুদি পণ্যের তালিকা তৈরি, খবর পড়া, ডিজিটাল পোস্ট-ইট নোট ও রিমাইন্ডার ঠিক করার মতো কাজগুলো করতে পারবেন।
ভয়েস ইনপুট ফিচার থাকতে পারে এতে। সেই সঙ্গে আইস বক্সে কী রাখা আছে তা জানাতে ও পণ্য মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ বলতে নতুন কিছু ফিচার যোগ করা হতে পারে এতে। স্ক্রিনে থাকতে পারে ‘গ্রোসারিজ বাই মাস্টারকার্ড’ ফিচার, যা দিয়ে ব্যবহারকারীরা ‘ব্রাউজ করে পণ্য কেনা’র সুবিধা পাবেন।
এর দাম ৪ হাজার ডলারের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সঠিক দাম আর ফিচার নিয়ে বিস্তারিত তথ্য জানতে হলে সিইএস পর্যন্ত অপেক্ষা করতে হবে আগ্রহী ক্রেতাদের।
