২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিআর মোশন কন্ট্রোলার আনছে স্যামসাং

ভার্চুয়াল রিয়ালিটি ডিভাইস ‘গিয়ার ভিআর’-এর জন্য নতুন মোশন কন্ট্রোলার আনছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। ‘রিঙ্ক’ নামের ওই মোশন কন্ট্রোলার মোবাইল ভার্চুয়াল রিয়ালিটি ডিভাইসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। খুব শিগগিরই এটি বাজারে আনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2016, 06:52 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

সম্প্রতি নিজেদের তৈরি নতুন কিছু পণ্য দর্শকদের দেখিয়েছে স্যামসাং। মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিতব্য ইলেকট্রনিকস পণ্য প্রদর্শনী অনুষ্ঠান কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস ২০১৬)-তে ওই পণ্যগুলো প্রদর্শন করা হবে বলে স্যামসাং-এর বরাত দিয়ে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ। 

স্যামসাং সি ল্যাবের তৈরি রিঙ্ক কন্ট্রোলার হাতে পরে ভিআর ডিভাইসকে নিয়ন্ত্রণ করা যাবে। হাতে লাগানো সেন্সরের সাহায্যে এটি ভার্চুয়াল রিয়ালিটি কনটেন্টগুলোকে সরাতে পারবে। সেই সঙ্গে এর মাধ্যমে ভিআর কনটেন্ট ক্লিক আর ড্র্যাগও করা যাবে।

এক ভিডিওতে নতুন এই ভিআর মোশন কন্ট্রোলারের কার্বযক্ষমতা দেখিয়েছে স্যামসাং। ওই কন্ট্রোলারের সাহায্যে ভার্চুয়াল কিবোর্ডে টাইপ করা যায়। এ ছাড়াও টেনিসের মতো বিভিন্ন গেইমের কন্ট্রোলার হিসেবেও এটি ব্যবহার করা যাবে। নতুন এই কন্ট্রোলার সাধারণ ওয়াইফাই কন্ট্রোলারের চেয়ে অনেক বেশি কার্যকর হবে বলে দাবি করছে স্যামসাং।

নতুন এই মোশন কন্ট্রোলার কবে নাগাদ বাজারে আসবে এবং এর মূল্য কত নির্ধারণ করা হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে আগামী গ্রীষ্মের আগেই এটি বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।