ড্রোন অপব্যবহার ঠেকাতে সফটওয়্যার
নিষিদ্ধ এলাকায় ড্রোন প্রবেশ ঠেকাতে নতুন সফটওয়্যার বানাচ্ছে চীনের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ‘ডিজিআই’। নতুন ওই সফটওয়্যারটি এখনও বেটা সংস্করণ পর্যায়ে আছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ডিজিআই-এর ‘জিওস্পেটিয়াল এনভায়রনমেন্ট অনলাইন (জিইও)’ নামের ওই সফটওয়্যারটি ডিজিআই ড্রোন ব্যবহারকারীদের কোন এলাকাগুলোতে ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা রয়েছে তা জানিয়ে দেবে।
কোনো স্থানে যদি বিশেষ কারণে ড্রোন উড়ানোর ব্যাপারে সাময়িক নিষেধাজ্ঞাও আরোপ করা হয়, তাহলেও ডিজিআই ড্রোন ব্যবহারকারীরা তা জানতে পারবেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। জিইও যে শুধু ব্যবহারকারীকে নিষেধাজ্ঞা সম্পর্কে জানাবে, তা নয়। ব্যবহারকারী যদি নিষেধাজ্ঞা অমান্য করেও নিষিদ্ধ এলাকায় ড্রোন নিয়ে যেতে চায় বা ড্রোন উড়াতে চায়, তাহলে সে কাজ করতে দেবে না নতুন সফটওয়্যাটি, প্রয়োজনে ড্রোনের নিয়ন্ত্রণ ব্যবহারকারীর কাছ থেকে নিজের কাছে নিয়ে নেবে। এর ফলে চাইলেও আইন অমান্য করা সম্ভব হবে না।
তবে ডিজিআই ড্রোন মালিকদের কিছু সুযোগও দেওয়া হবে, তারা চাইলে সফটওয়্যারটির মাধ্যমে নিষেধাজ্ঞা রয়েছে এমন কিছু সংখ্যক এলাকায় ড্রোন উড়ানোর সাময়িক অনুমতি পাবেন। কিন্তু এর জন্য তাদের অবশ্যই ভেরিফাইড অ্যাকাউন্ট থাকতে হবে। ভেরিফাইড অ্যাকাউন্ট করতে ড্রোন মালিকদের নিজের ক্রেডিট অথবা ডেবিট কার্ড নাম্বার বা ফোন নাম্বারের প্রয়োজন পড়বে বলে জানিয়েছে ভার্জ। তবে ভেরিফাইড অ্যাকাউন্ট থাকলেও নিরাপত্তার স্বার্থে ওয়াশিংটন ডিসি-এর মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কখনই ড্রোন উড়ানোর অনুমতি দেওয়া হবে না।
নিরাপত্তার কারণে ড্রোন উড্ডয়নে নিষেধাজ্ঞা রয়েছে, এরকম এলাকাগুলো স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করতে পারবে জিইও সফটওয়্যার। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন (এফএএ)-কে খুশি করতেই ড্রোন নির্মাতা ডিজিআই নতুন ওই সফটওয়্যার তৈরি করেছে বলে মন্তব্য করেছে ভার্জ।
আগে থেকে কিছু নিষেধাজ্ঞা বিদ্যমান থাকলেও, ২০১৫ সালে ড্রোন উড্ডয়নের বিষয়ে আরও অনেক কঠোর হয়েছে এফএএ। ড্রোনবিষয়ক বেশ কিছু নতুন নীতিও তৈরি করেছে তারা। ফলাফল হিসেবে ড্রোন উড্ডয়নের গণ্ডি ছোট হয়ে এসেছে এবং আগের মতো চাইলেই ড্রোন ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এফএএ-এর নীতিমালা ভঙ্গ করায় ইতোমধ্যে আইনি ঝামেলাতেও জড়িয়েছেন বেশ কয়েকজন ড্রোন মালিক।
