অনলাইনে অ্যানা ফ্র্যাংকের ডায়রি
নেদারল্যান্ডসে নাৎসি বাহিনীর দখলদারিত্ব চলাকালীন দুই বছর অন্ধকার এক ঘরে লুকিয়ে থেকেও বাঁচতে পারেননি কিশোরী অ্যানা ফ্র্যাংক। কিন্তু এখনও বেচেঁ আছে তার ডায়রিটি। ‘ডায়রি অফ এ ইয়ং গার্ল’ বা ‘ডায়রি অফ অ্যানা ফ্র্যাংক’ নামে পরিচিত ওই ডায়রি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নির্মমতার অন্যতম স্বাক্ষী হিসেবে বিবেচিত। অনেক আলোচনার জন্ম দেওয়া সেই ডায়রির মূল ডাচ সংস্করণ এবার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে অনলাইনে।
ফ্রান্সের এক বিশ্ববিদ্যালয় শিক্ষক আর এক সংসদ সদস্য, এই দুইজন মিলে ডায়রিটি অনলাইনে উন্মুক্ত করে দিয়েছেন। তবে এটি এখনও সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা যায় কি না তা নিয়েও সত্ত্বাধিকারীদের সঙ্গে তাদের বাক-বিতণ্ডা চলছে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
ফ্রান্সের প্রচলিত কপিরাইট আইন অনুযায়ী সাধারণত কোনো বই বা প্রকাশনার লেখক মারা যাওয়ার ৭০ বছর পর থেকে বইটির কোনো ‘এক্সক্লুসিভ কপিরাইট’ থাকে না। ১৯৪৫ সালে জার্মানীর বের্জেন-বেলসেন নাৎসি বাহিনীর কনসেনট্রেশন ক্যাম্পে হত্যা করা হয় অ্যানা ফ্র্যাংককে। সেই হিসেবে চলতি বছর ১ জানুয়ারি থেকে ওই ডায়রি ‘পাবলিক প্রোপার্টি’ হয়ে গেছে বলে দাবি করেছেন নতুন প্রকাশকরা।
১৯৪৭ সালে কিছু অনুচ্ছেদ মুছে ফেলে ডাচ ভাষায় ডায়রিটি প্রথমবার প্রকাশ করেন অ্যানা ফ্র্যাংকের বাবা অটো ফ্র্যাংক। সে সময় ডায়রিটির ৩ কোটি কপি বিক্রি হয়।
সুইজারল্যান্ডের ব্যাসেলে অবস্থিত দ্য অ্যানা ফ্র্যাংক ফান্ড ওই ডায়রি প্রকাশের সত্ত্বাধিকার রাখে। ডায়রিটি অনলাইনে প্রকাশ করে দেওয়া হলে আইনি পদক্ষেপ নেবেন বলে একটি চিঠিও পাঠিয়েছেন তারা।
এটি একটি মরণোত্তর কাজ হওয়ায়, এর সত্ত্বাধিকার প্রকাশনার তারিখ থেকে ৫০ বছর পর পর্যন্ত থাকবে বলে দাবি করেছেন তারা। সেই হিসেবে ১৯৮৬ সালে ডাচ স্টেট ইনস্টিটিউট ফর ওয়ার ডকুমেন্টেশন (এনআইওডি) ডায়রিটির প্রথম সংস্করণ প্রকাশ করে, আর ২০৩৭ সাল পর্যন্ত এর সত্ত্বাধিকার থাকবে।
