২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস বিরোধী হ্যাকারদের শিকার বিবিসি!

ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)-এর ওয়েবসাইটে হামলার দায় স্বীকার করে নিয়েছে ইসলামিক স্টেট (আইএস) বিরোধী এক দল হ্যাকার। ওই হামলার কবলে পড়ে বেশ কয়েক ঘন্টার জন্য অফলাইনে ছিল বিবিসি-এর একাধিক ওয়েবসাইট এবং এর আনুষাঙ্গিক অনলাইন সেবাসমূহ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2016, 05:36 PM

Updated : 12 Apr 2022, 01:08 AM

৩১ ডিসেম্বর বিবিসি ওয়েবসাইটে ‘ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস’ (ডিডিওএস) হামলা চালিয়েছিল হ্যাকার দল ‘নিউ ওয়ার্ল্ড হ্যাকারস’ এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।

ওই হামলার শিকার হওয়ার পর অফলাইনে ছিল বিবিসির ওয়েবসাইটগুলো। সে সময় সাইট ভিজিটররা নিয়মিত কনটেন্ট-এর বদলে ‘এরর মেসেজ’ দেখতে পাচ্ছিলেন। ওই দিন বিবিসির মূল সাইট থেকে শুরু করে প্রতিষ্ঠানটির অ্যাপ আইপ্লেয়ার সেবাও বন্ধ ছিল কয়েক ঘন্টার জন্য।

আইএস বিরোধী হ্যাকারদের একটি দল বিবিসি-তে কেন আক্রমণ চালালো, সে প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছে নিউ ওয়ার্ল্ড হ্যাকার। বিবিসি প্রযুক্তি প্রতিবেদক ররি সেলান-জোনস-এর উদ্দেশ্যে এক টুইট বার্তায় আইএস বিরোধী হ্যাকারদের ওই দলটি জানিয়েছে, “আমরা যুক্তরাষ্ট্রভিত্তিক এক হ্যাকার দল, আমাদের মূল লক্ষ্য আইএস সাইট এবং আইএস সদস্যদের ইন্টারনেট থেকে সড়িয়ে দেওয়া। আমাদের শক্তি যাচাই করার জন্যই আমরা বিবিসি ওয়েবসাইটে হামলা চালিয়েছিলাম। এটি শুধু একটি পরীক্ষা ছিল, আমরা কয়েক ঘন্টার জন্য সার্ভার অফলাইনে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা করিনি।”

“আমরা যা করি, সবসময় যে সেটি সঠিক নয়, তা আমরা বুঝতে পারি, কিন্তু সাইবার হ্যাকার বাদে আর কে আছে যারা অনলাইনে উগ্রপন্থীদের সঙ্গে যুদ্ধ করবে।”

অন্যদিকে আইএএনএস জানিয়েছে, সাইবার হামলার দায় স্বীকার প্রসঙ্গে বিবিসি কোনো মন্তব্য করবে না বলে ২ জানুয়ারি জানানো হয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন-এর প্রেস অফিস থেকে।