২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোভারবোর্ডেই প্রার্থনা ‘চালালেন’ যাজক!

গির্জার ভেতরে হোভারবোর্ডে চড়ার দায়ে ফিলিইপাইনের এক যাজককে সাময়িকভাবে বরখাস্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ক্রিসমাস ইভ-এ প্রার্থনার সময় গির্জায় হোভারবোর্ডে চড়ে ঘুরে বেড়াচ্ছিলেন ওই যাজক। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ‘ভাইরাল’ হয়ে ছড়িয়ে পরে ওই যাজকের হোভারবোর্ডে চড়ার ভিডিও।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 06:08 PM

Updated : 20 Aug 2022, 11:28 AM

যে যাজকের ‘প্রযুক্তিপ্রীতি’ নিয়ে এত ঘটনা, তার নামটাই জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।

বিষয়টিকে অনেক ক্যাথলিক নেতিবাচক দৃষ্টিতে দেখলেও, অনেকে আবার বিষয়টির প্রশংসাও করেছেন। তবে বিষয়টিকে মোটেও ভাল ভাবে নিতে পারেননি কট্টর ক্যাথলিকরা। যাজকের ওই কাণ্ড প্রসঙ্গে রোমান ক্যাথলিক ডায়োসেস অফ স্যান পাবলো ফেইসবুক পেইজে এক বিবৃতিতে বলেন, “কাজটি ভুল ছিল।”

ওই যাজক হোভারবোর্ডে চড়েই প্রার্থনায় অংশ নিতে আসা মানুষদের স্বাগত জানান এবং ধর্মীয় সংগীত গাওয়ার কাজটি সম্পন্ন করেন। ডায়োসেস অফ স্যান পাবলো ফেইসবুক পেইজের বিবৃতিতে বলা হয়, “যিশুর নৈশভোজের বিষয়টি সম্মান এবং নিষ্ঠার বিষয়। এটি গির্জার অন্যতম প্রধান প্রার্থনাগুলোর একটি, এটি এমন কোনো অনুষ্ঠান নয়, যেখানে কেউ মনোযোগ নিজের দিকে টানতে বা ব্যক্তিগত উচ্ছ্বাস প্রকাশে এমন কাজ করতে পারে।” এই ঘটনা অন্য যাজকদের সতর্ক করবে বলে মন্তব্য করা হয়েছে ওই বিবৃতিতে।

অন্যদিকে ওই যাজকের পক্ষেও কথা বলছেন অনেকে এবং তার ‘উচ্ছ্বাস’-এর প্রশংসাও করেছেন বিশ্বের অসংখ্য মানুষ--জানিয়েছে বিবিসি। কানাডা থেকে রব ট্রেইনর নামের একজন এ প্রসঙ্গে বলেন, “বিষয়টি আসলেই মজার। আমি নিজে রোমান ক্যাথলিক কিন্তু নিয়মিত প্রার্থনায় যোগ দেওয়া হয় না। তবে এমনটা হলে আমি হয়তো নিয়মিত প্রার্থনায় যোগ দেব। মানুষ যদি পুরানো ঐতিহ্যকে আঁকড়ে ধরে থাকতে চায়, তাহলে বর্তমানের উৎসাহিত অনেক ক্যাথলিক হারানোর আশঙ্কা রয়েছে।”

ফিলিপাইনের মোট জনসংখ্যার ৮১ শতাংশই ক্যাথলিক। এজন্য দেশটির সমাজ ও সংস্কৃতিতে গির্জার শিক্ষার যথেষ্ট প্রভাব দেখা যায়। এমনকি ফিলিপাইনের অনেক আইনও ক্যাথলিক মূল্যবোধের আদলে গড়ে উঠেছে বলে জানিয়েছে বিবিসি।