টুইটারের ‘শুরুতেই ভুল’
ইন্টারনেট হয়রানি ও ‘ট্রোলিং’-এর হাত থেকে নিজ ব্যবহারকারীদের রক্ষা করতে এবং কেউ যেন সেবার অপব্যবহার না করতে পারে, সে লক্ষ্যে নিজেদের নীতিমালা সম্প্রতি কঠোর করেছে মাইক্রোব্লগিং সেবা টুইটার। কিন্তু শুরুতেই ভুল করে বসেছে প্রতিষ্ঠানটি। আইএস নেতা ভেবে সাধারণ এক ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল টুইটার।
টুইটারের ওই ভুলের ভুক্তভোগী ইয়াদ এল-বাগদাদি নামের এক ব্যবহারকারী। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আরব বসন্তের সময় অন্যতম একজন ‘অ্যাক্টিভিস্ট’ ছিলেন এল-বাগদাদি।
আইএস নেতা মনে করে এল-বাগদাদি-এর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। এ সময় তার অ্যাকাউন্ট প্রায় আধ ঘণ্টার মতো বন্ধ ছিল বলে নিশ্চিত করেছেন তিনি। প্রকৃতপক্ষে ভুলটি করেছে ইন্দোনেশিয়ান সংবাদমাধ্যম ‘রিপাবলিকা’ এবং মার্কিন দৈনিক ‘নিউ ইয়র্ক পোস্ট’। সংবাদমাধ্যম দুটি আইএস নেতা আবু বকর আল-বাগদাদি এর সঙ্গে ‘অ্যাক্টিভিস্ট’ এল-বাগদাদি-কে মিলিয়ে ফেলেছিল। আর ফলাফল হিসেবে, টুইটারও ভুল করে বন্ধ করে দিয়েছিল তার অ্যাকাউন্ট।
টুইটারে এল-বাগদাদি-এর মোট ফলোয়ার সংখ্যা ৭০ হাজার এবং প্রায়ই আইএস-কে নিয়ে হাসি-ঠাট্টা করেন তিনি। টুইটার কর্তৃপক্ষ তার অ্যাকাউন্ট ফের খুলে দিলে এল-বাগদাদি টুইট করেন, “আমার মনে হয় না আরব দেশগুলোতে এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে, যে পরিবারের সদস্যের নামে ‘এল-বাগদাদি’ নেই।”
‘নিয়ম ভেঙ্গেছেন’ বলে টুইটার এল-বাগদাদিকে একটি মেসেজ পাঠিয়েছিল বলে জানিয়েছেন তিনি। কিন্তু তিনি ঠিক কোন নিয়মটি ভেঙ্গেছেন সে বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। বিষয়টিকে ‘বর্ণবৈষম্য’ হিসেবেই দেখছেন এল-বাগদাদি। ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ করার ব্যাপারে টুইটারের আরও স্বচ্ছ্ব হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
এ প্রসঙ্গে টুইটার কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি বলে জানিয়েছে বিবিসি।
