আসছে ‘লিকুইড নাইট্রোজেন ইঞ্জিন’
প্রায় ৪ দশক আগে ‘লিকুইড নাইট্রোজেন ইঞ্জিন’ নির্মাণের স্বপ্ন দেখেছিলেন ব্রিটিশ উদ্ভাবক পিটার ডিয়ারম্যান। ৪০ বছরের ব্যবধানে বাবার সেই স্বপ্নকে বাস্তবের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন তারই ছেলে মাইকেল।
চলতি বছরের বসন্তেই লিকুইড নাইট্রোজেন ইঞ্জিনের প্রোটোটাইপ নিয়ে পরীক্ষা চালাবেন মাইকেল। তবে গাড়িতে নয়, রেফ্রিজারেটেড ট্রাকের বাড়তি ইঞ্জিন হিসেবে থাকবে প্রোটোটাইপটি।
পিটার ডিয়ারম্যানের বয়স এখন ৬৪ বছর। বাবার নামেই নিজের প্রতিষ্ঠানের নামকরণ করেছেন ৩৪ বছরের মাইকেল। “আমি ইঞ্জিনটাকে আমার বাবার কল্পনা থেকে বাস্তবের একটা মেশিনে পরিণত হতে দেখেছি।”--প্রযুক্তিবিষয়ক সাইট ওয়্যার্ড ডটকমকে নিজের অনুভূতি এভাবেই ব্যাখ্যা করেন মাইকেল।
নাইট্রোজেনকে বিজ্ঞানীরা প্রথমবারের মতো তরল অবস্থায় নিয়ে এসেছিলেন ১৮৮০-এর দশকে। সেই সময় থেকে জ্বালানী হিসেবে তরল নাইট্রোজেন ব্যবহার করবে এমন ইঞ্জিন তৈরির ব্যাপারে ভেবেছিলেন অনেকেই। কিন্তু মাইনাস ১৯৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন ফুটাতে পারবে এমন ইঞ্জিন এতদিন বিজ্ঞানীদের কল্পনাতেই রয়ে গেছে।
‘ডিয়ারম্যান ইঞ্জিনের’ প্রোটোটাইপ নিয়ে পরীক্ষা চালানোর জন্য ‘হাবার্ড প্রোডাক্টস লিমিটেড’ নামের একটি রেফ্রিজারেশন পরিবহন সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে জোট বেঁধেছেন মাইকেল। এরপর আরও বড় পরিসরে ইঞ্জিনটির কার্যক্ষমতা পরীক্ষা করে দেখার ইচ্ছা আছে তার।
