টারান্টিনোর কাছে ক্ষমা চাইল পাইরেটরা!
কোয়েন্টিন টারান্টিনো পরিচালিত ‘দ্য হেইটফুল এইট’ মুক্তির আগে অনলাইনে ফাঁস করে দিয়ে এখন বুঝি অপরাধবোধে ভুগছে পাইরেটরা। ঘটনার মূল হোতা পাইরেটদের দল ‘হাইভ-সিএম৮’ সম্প্রতি এক লম্বা বিবৃতি প্রকাশ করেছে অনলাইনে। সেই বিবৃতিতে সিনেমাটি অনলাইনে ফাঁস করে দেওয়ার জন্য টারান্টিার কাছে ক্ষমা চেয়ে উল্টো ভাল রিভিউ দিয়েছে তারা।
রেডিটে পোস্ট করা ওই বিবৃতি রীতিমতো নিজেদের আক্ষেপের কথা জানিয়েছে হ্যাকারদের সংগঠনটি। “আমরা মুক্তির আগেই ভাল একটি সিনেমা ফাঁস করে দিয়ে সত্যিই দুঃখিত। আমরা এটা করে কাউকে কষ্ট দিতে চাইনি। আর সিনেমাটি এত দ্রুত জনপ্রিয়তা পাবে সেটাও ভাবিনি আমরা।”
২০১৫-এর বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্ত পাওয়ার কথা ছিল ‘দ্য হেটফুল এইট’-এর। কিন্তু হ্যাকাররা সিনেমাটির ডিভিডি কপি অনলাইনে ফাঁস করে দেয় ২১ ডিসেম্বর।
হ্যাকারদের দলটির দাবি ‘রাস্তার এক লোকের’ কাছ থেকে ডিভিডিটি পেয়েছিল তারা। আর সিনেমাটির অবৈধ কপি সংগ্রহ করে অনলাইনে কেবল তারাই পোস্ট করছে না বলে দাবি করেছে ‘হাইভ-সিএম৮’।
‘ধনী নন বা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার মতো আর্থিক সামর্থ্য নেই এমন সবার সঙ্গে সিনেমাটি শেয়ার করতে চেয়েছিলাম আমরা।”--আত্মপক্ষ সমর্থন করে বলেছে হ্যাকারদের দলটি।
‘এত ভাল’ একটি সিনেমার জন্য টারান্টিনোকে ধন্যবাদও জানিয়েছে ‘হাইভ-সিএম৮’। এমনকি দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার আহ্বানও জানিয়েছে তারা।
“আপনারা প্রযোজকদের সমর্থন করুন এবং সব সিনেমাই প্রেক্ষাগৃহে গিয়ে দেখুন, যেটা আপনাদের সবসময়ই করা উচিত। প্রযোজনার খরচ উঠানোর জন্য টিকেট বিক্রি থেকে পাওয়া অর্থ প্রযোজকদের প্রয়োজন।”-- বলেছে হাইভ-সিএস৮।
