২০১৬-তেই ‘ফাইনাল ফ্যান্টাসি ১৫’
২০১৬ সালেই গেইমিং বাজারে ‘ফাইনাল ফ্যান্টাসি ১৫ (এফএফ১৫)’-এর অভিষেক হবে বলে নিশ্চিত করেছেন গেইমটির পরিচালক হাজিমে তাবাতা। চলতি বছরেই গেইমটি আসবে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছিল আগে থেকেই, তবে সর্বশেষ এক ব্লগ পোস্টের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে গুঞ্জনটির সত্যতা প্রমাণ করলেন তিনি।
“অবশেষে আমরা এই বছরেই এফএফ১৫ আনছি। ডেভেলপমেন্টের আগের পর্যায়গুলোতে আমাদের বিচক্ষণতা এবং শক্তির প্রয়োজন হয়েছিল। কিন্তু ডেভেলপমেন্টের শেষ পর্যায়ের পুরোটা নির্ভর করবে আমাদের চেষ্টা আর ইচ্ছা শক্তির উপর।”--ব্লগ পোস্টে দেওয়া বিবৃতিতে বলেন তাবাতা।
“আমি আপনাদের সবার কাছে প্রতিজ্ঞা করছি, দলের প্রত্যেক সদস্য একদম শেষ মুহুর্ত পর্যন্ত দায়িত্ববোধ এবং গর্ব নিয়ে নিজের শ্রেষ্ঠ কাজটা দেওয়ার চেষ্টা করবে। আমরা আমাদের পক্ষে সম্ভব এমন সব কিছু করবো এফএফ১৫ শেষ করে এমন একটি অভিজ্ঞতা তৈরির জন্য যা নিয়ে আমরা গর্বিত হব এবং আপনাদেরও ভাল লাগবে।”
অন্যদিকে ‘অ্যাক্টিভ টাইম রিপোর্ট’-এর দেওয়া তথ্য অনুযায়ী জানুয়ারি মাসের শেষ দিকেই বাজারে চলে আসতে পারে ফাইনাল ফ্যান্টাসি ১৫।
ফাইনাল ফ্যান্টাসি সিরিজের সর্বশেষ এই গেইমটির জন্য ভক্তদের অপেক্ষা করতে হয়েছে বেশ লম্বা সময়। কয়েক বছর আগেই আসার কথা ছিল গেইমটির। সে সময় গেইমটির নামকরণ করা হয়েছিল ‘ফাইনাল ফ্যান্টিাসি ভারসেস ১৩’। পরবর্তীতে নতুন প্রজন্মের গেইমিং কনসোলগুলোর উপযোগী করে নির্মাণের জন্য পিছিয়ে যায় গেইমটির নির্মাণ কাজ। পরিবর্তন করা হয় নামও। নামে পরিবর্তন এলেও পরিবর্তন আসেনি এর গল্পে।
