‘এভারকি’ আনছেন ম্যাকাফি
‘এভারকি’ নামের নতুন এক ডিভাইস নিয়ে বাজারে নামছেন জন ম্যাকাফি। নতুন সিকিউরিটি ডিভাইসটি দিয়েই প্রযুক্তিপণ্যের বাজারে ফিরতে চাইছেন বিতর্কিত ওই সফটওয়্যার প্রকৌশলী।
নতুন এই সিকিউরিটি ডিভাইসকে ‘গেইম চেঞ্জার’ বলেছে আখ্যা দিয়েছেন জন ম্যাকাফি--জানিয়েছে সিএনএন।
‘এভারকি’ নামের নতুন ওই ডিভাইসটির মাধ্যমে মোবাইলফোন, বিভিন্ন ওয়েবসাইট এমনকি দরজার ডিজিটাল লকও খোলা যাবে। ছোট ওই গ্যাজেটটি পকেটে রেখে ডিভাইসের কাছে গেলে সেটি স্বয়ংক্রিয়ভাবে আনলক হয়ে যাবে। আবার ডিভাইস নিয়ে দুরে সরে গেলে সেটি পুনরায় লক হয়ে যাবে। মোবাইল, ল্যাপটপ এবং দরজার ডিজিটাল লকের সঙ্গে কোনো তার ছাড়াই সংযোগ স্থাপন করতে পারবে ডিভাইসটি।
ডিভাইসটি নিয়ে তৈরি এক ভিডিওতে ম্যাকাফি বলেন নতুন এই গ্যাজেট এক গাদা পাসওয়ার্ড মনে রাখার বিড়ম্বনা থেকে মুক্তি দেবে। ডিভাইসটিতে ‘মিলিটারি গ্রেড’ এনক্রিপশন ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
গেল কয়েক বছরে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন ম্যাকাফি। বেলিজে থাকা অবস্থায় ম্যাকাফির এক প্রতিবেশী খুনের ঘটনায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে দেশটি থেকে পালান তিনি। আগস্ট মাসেই মদপ্য অবস্থায় গাড়ি চালানোর সময় গ্রেপ্তার হন আবার। সেই সময় সঙ্গে আগ্নেয়াস্ত্রও ছিল ম্যাকাফির।
