মাইক্রোসফট-এর ‘ইউ-টার্ন’
কোনো দেশের সরকার বা সরকার সমর্থিত হ্যাকাররা আউটলুক ডটকমসহ অন্যান্য গ্রাহকসেবা ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছে সন্দেহ হলে তাদের সে ব্যাপারে সতর্ক করে দেবে মাইক্রোসফট। মার্কিন সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে বুধবার।
এ প্রসঙ্গে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, “সাইবার আক্রমণের পন্থা এবং সংখ্যা উভয়ই উল্লেখযোগ্য হারে বেড়েছে। আমরা এখন নোটিফিকেশনের বাইরে গিয়ে আক্রমণের পেছনে মূল সন্দেহভাজনকে চিহ্নিত করবো, যদি আমাদের মনে হয় যে সাইবার আক্রমণটি সরকার সমর্থিত।
“আমাদের হাতে সুনির্দিষ্ট প্রমাণ থাকলে আমরা আপনাদের জানিয়ে দেব যে সাইবার আক্রমণটি সরকার সমর্থিত হতে পারে। কারণ, এক্ষেত্রে ওই সাইবার আক্রমণ সাধারণ সাইবার অপরাধীদের আক্রমণের থেকে জটিল ও দীর্ঘস্থায়ী হতে পারে।”-- যোগ করেছে মাইক্রোসফট।
২০১১ সালে চীনের হ্যাকারদের সাইবার আক্রমণের শিকার হয়েছিল চীনের নিয়ন্ত্রণে থাকা তিব্বতের সংঘ্যালঘু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তি ও সংশ্লিষ্ট মানবাধিকার কর্মীদের হটমেইল অ্যাকাউন্ট। মাইক্রোসফটের ওই ইমেইল সেবাটি এখন আউটলুক নামে পরিচিত।
সেবার সাইবার আক্রমণের মূল হোতাদের চিহ্নিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছিল মাইক্রোসফট ও মার্কিন সরকার। চীনের হটমেইল ব্যবহারকারীদের উপর সাইবার আক্রমণের ঘটনা প্রসঙ্গে এক বিবৃতিতে মাইক্রোসফট দাবি করেছিল, আক্রমণ নির্দিষ্ট কোনো দেশ থেকে চালানো হয়নি, এবং প্রতিষ্ঠানটি বা মার্কিন সরকার কেউই এর মূল হোতাকে চিহ্নিত করতে পারেনি।
কিন্তু মাইক্রোসফট কয়েক বছর আগেই ঘটনার মূল হোতা হিসেবে চীনের সরকার সমর্থিত হ্যাকারদের চিহ্নিত করেছিল বলে প্রতিষ্ঠানটির সাবেক দুই কর্মী নিশ্চিত করেছেন সম্প্রতি। মাইক্রোসফট কেন হ্যাকিংয়ের মূল হোতাদের নাম গোপন করে গেছে, রয়টার্সের পক্ষ থেকে এমন প্রশ্ন তোলার ৯ দিনের মাথায় সেবাগ্রাহকদের ‘স্টেট সাপোর্টেড সাইবার অ্যাটাক’ সম্পর্কে সতর্ক করে দেওয়ার ঘোষণা দিল মাইক্রোসফট।
২০১২ সাল থেকেই এধরনের সাইবার আক্রমণ সম্পর্কে ভুক্তভোগীদের সতর্ক করে দেওয়ার প্রথা চালু রেখেছে ওয়েব জায়ান্ট গুগল। ক্রমান্বয়ে একই পথ অনুসরণ করেছে ইয়াহুসহ ফেইসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো।
