‘পলিটউপস’ ফিরিয়ে আসছে টুইটার
রাজনীতিবিদদের ডিলিট করে দেওয়া বিব্রতকর টুইট সংরক্ষণের ওয়েবসাইট নেটওয়ার্ক ‘পলিটউপস’ বন্ধ করে দিয়ে সমালোচনার মুখে পরেছিল টুইটার। এবার সাইটটি ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে মার্কিন মাইক্রোব্লগিং সেবাটি।
২০১৫ সালের আগস্টে পলিটউপস বন্ধ করে দেয় টুইটার। রাজনৈতিক স্বচ্ছতার প্রয়োজনে ওই নেটওয়ার্ক চালু রাখা উচিত বলে এমন সিদ্ধান্তের সমালোচনা করেছিল একাধিক মানবাধিকার সংগঠন।
মার্কিন সংবাদমাধ্যম ভার্জ জানিয়েছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর আবারও পলিটউপস ফিরিয়ে আনা হচ্ছে বলে ঘোষণা দিয়েছে টুইটার।
স্বচ্ছতাবিষয়ক অলাভজনক প্রতিষ্ঠান সানলাইট ফাউন্ডেশন আর দ্য ওপেন স্টেট ফাউন্ডেশনের সঙ্গে জোট বেঁধে এই পদক্ষেপ নিচ্ছে টুইটার। তবে ঠিক কবে সাইটটি চালু করা হবে তা নিয়ে নির্দিষ্ট করে কিছু না জানালেও, ‘সামনের কয়েক সপ্তাহের মধ্যেই আনা হবে’ বলে জানিয়েছে সানলাইট ফাউন্ডেশন।
এক বিবৃতিতে দ্য ওপেন স্টেট ফাউন্ডেশনের পরিচালক আরজান এল ফ্যাসেড বলেন, “যারা বিশ্বাস করেন বিশ্বে আরও স্বচ্ছতা প্রয়োজন তাদের জন্য এটি চমৎকার একটি খবর। আমাদের পরবর্তী করণীয় হচ্ছে সরকারি কর্মকর্তাদের দেওয়া বক্তব্যগুলোর জন্য যাতে মানুষ জবাব চাইতে পারে সে লক্ষ্যে আমাদের কাজ চালিয়ে যাওয়া ও তার পরিসর বাড়ানো।”
এর আগে পলিটউপস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির একটি ভুল পদক্ষেপ ছিল স্বীকার করে নিয়েছিলেন টুইটার প্রধান জ্যাক ডরসি।
