ই-কমার্সে যুক্তরাজ্য এগিয়ে: স্মিড
বিশ্বের ই-কমার্স বাজারে যুক্তরাজ্যই শীর্ষে বলে মন্তব্য করেছেন ওয়েব জায়ান্ট গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট-এর নির্বাহী চেয়ারম্যান এরিক স্মিড।
ব্রিটেনে দশ হাজার কোটি পাউন্ডের একটি স্টার্ট আপ চালু হতে না পারার কোনো যুক্তিই নেই বলে মনে করেন এই মার্কিন সফটওয়্যার প্রকৌশলী--জানিয়েছে বিবিসি।
স্মিডের মতে যুক্তরাজ্যের প্রযুক্তি উদ্যোক্তারা যুক্তরাষ্ট্রের উদ্যোক্তাদের তুলনায় আগেভাগেই স্টার্টআপ বিক্রির দিকে ঝুঁকছেন। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে একটি শিক্ষা পাওয়া যায়, তা হল স্টার্টআপগুলো যখন চালু হয়ে যায় তখন তারা দ্রুত ‘অনেক বড়’ হওয়ার সুযোগ পায়। তিনি বলেন, “যদি আপনার দ্রুত উন্নত এমন একটি শক্তিশালী ফ্র্যাঞ্চাইজ থাকে, তবে তা বিক্রির আগে আপনার কিছু সময় অপেক্ষা করাই ভাল হবে।”
এক রেডিও অনুষ্ঠানে লন্ডনবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের কাছে উপযুক্ত নীতিনির্ধারণী পরিবেশ রয়েছে। ইউরোপ মহাদেশে আপনারা সঠিক অবস্থায় আছেন। শুধু লন্ডনে ই-কমার্স আর সেবা প্রদানের অবস্থার দিকে তাকান।”
যে কোনো স্টার্টআপের সফল হওয়ার পেছনে পণ্যই মূল চাবিকাঠি বলে মন্তব্য করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে বড় বিজ্ঞাপন আর বিপণনের বাজেটের বদলে সহজ বিপণনের মডেল জায়গা করে নেওয়ায় স্টার্টআপগুলো বর্তমানে বড় বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহজে প্রতিদ্বন্দ্বীতা করতে পারছে বলে মন্তব্য করেন তিনি।
থার্ড-পার্টি ডেভেলপারদের কাছে না গিয়ে স্টার্টআপগুলোতে নিজস্ব কর্মী থাকা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি।
