আর্থিক সাহায্য পাবে তোশিবা
জাপানিজ ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা তোশিবা’র গৃহস্থালি কাজে ব্যবহৃত পন্য নির্মান বিভাগ এবং শার্পসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে জোট বেঁধে ব্যবসা পুননির্মাণের জন্য তহবিলের জোগান দেবে জাপান সরকারের শিল্প মন্ত্রণালয়, সরকারী ও বেসরবারি বিনিয়োগকারী এবং ইনোভেশন নেটওয়ার্ক কর্পোরেশন অফ জাপান (আইএনসিজে)।
আর্থিক কেলেঙ্কারির পর এখন নিজেদের ব্যবসা পুননির্মাণের চেষ্টা করছে তোশিবা। এমনকি খরচ কমাতে নিজেদের লাইফস্টাইল বিভাগ থেকে কর্মী ছাটাইসহ টোকিও-এর ওমে-তে অবস্থিত কারখানার উৎপাদন কমিয়ে দেওয়ার ব্যাপারেও চিন্তা করছিল প্রতিষ্ঠানটি--জানিয়েছে রয়টার্স।
ব্যবসা-বাণিজ্যবিষয়ক জাপানি দৈনিক নিককেই জানিয়েছে, পুননির্মাণ প্রক্রিয়ায় শার্প বা অন্য কোনো জাপানি গৃহস্থালি পন্য উৎপাদক প্রতিষ্ঠানের সঙ্গে নিজেদের ব্যবসার আংশিক যুক্ত করার ব্যাপারেও বিবেচনা করছে তোশিবা। এ ছাড়াও এই কাজগুলো সম্পন্নের জন্য তহবিল খুঁজছিল প্রতিষ্ঠানটি। অবশেষে প্রতিষ্ঠানটির তহবিল জোগানে এগিয়ে এসেছে দেশটির সরকার। জাপানের শিল্প মন্ত্রণালয় এবং সরকারী ও বেসরবারি বিনিয়োগকারীরা ওই তহবিলের জোগান দেবে তোশিবাকে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তোশিবার কোনো মন্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে নিককেই।
সরকার ও আইএসসিজের ওই আর্থিক সহায়তার ফলে তোশিবা এখন অন্যান্য ব্যবসার পাশাপাশি নিজস্ব পারমাণবিক শক্তিভিত্তিক ব্যবসাও নতুন করে গড়ে তুলতে পারবে বলে মন্তব্য করেছে রয়টার্স। চলতি বছরে আর্থিক কেলেঙ্কারিতে ধরা পড়ার পর থেকেই একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছিল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির আর্থিক বছর শেষ হবে ২০১৬ সালের মার্চ মাসে।
