শতকোটিতে উবার
যাত্রীসেবা দেওয়ায় শতকোটির মাইলফলক ছুঁয়েছে অনলাইন পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান উবার। যুক্তরাজ্যের লন্ডনের এক যাত্রিকে পরিবহন সেবা দেওয়ার মাধ্যমে উবার শতকোটির মাইলফলক ছুঁয়েছে বড়দিনের সন্ধ্যায়।
এক বিবৃতিতে উবারের পক্ষ থেকে বলা হয়েছে, “অনেক অনেক যাত্রী আর চালকের রাস্তায় ভ্রমণ, বিশেষ মূহুর্ত একসঙ্গে উদযাপন, সব মিলিয়েই এটি। সাড়ে পাঁচ বছর আগে স্যান ফ্র্যানসিস্কো-তে শুরুর সময় এটি আমাদের কল্পনারও অনেক দূরে ছিল।”
উবারের শতকোটিতম সেবায় ৫ পাউন্ড ভাড়া উঠেছিল; লন্ডন ফিল্ড, হ্যাকনি থেকে এক যাত্রীকে পৌঁছে দেওয়া হয় হক্সটনে। শতকোটির মাইলফলকে ভূমিকা রাখার জন্য মারভিন নামের ওই যাত্রীকে পুরো একবছর বিনামূল্যে পরিবহন সেবা দেবে উবার। আর গাড়ির চালক উবারের পরিবহন সেবা চালু আছে এমন যে কোনো শহরে ছুটি কাটানোর সুযোগ পাবেন।
এছাড়াও শতকোটির মাইলফলক উপলক্ষ্যে হ্যাকনি পাইরেটস নামের স্থানীয় একটি দাতব্য প্রতিষ্ঠানকে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে উবার-- জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
২০১৫ সালের ২৮ মে-এর হিসাব অনুযায়ী বিশ্বের ৫৮টি দেশের ৩শ’ শহরে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের পরিবহন সেবা দেওয়ার জন্য উবারের সঙ্গে সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুক জোট বাঁধছে বলে জানা যায়। নতুন ওই ফিচারের মাধ্যমে উবার অ্যাপ ছাড়াই সরাসরি ফেইসবুক মেসেঞ্জারের মাধ্যমে উবার-এর পরিবহন সেবা নিতে পারবেন ব্যবহারকারীরা।
অন্যদিকে ২০১৫ সালের সেপ্টেম্বরে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে উবারের দুই শীর্ষ প্রতিদ্বন্দ্বী লিফট এবং ডিডি কুয়াইদি। চলতি বছরের শুরু থেকেই ভ্রমণকারীদের নতুন চুক্তির সুবিধা ভোগ করতে পারার কথা রয়েছে।
