২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাভা এপিআই’ ছাড়ছে গুগল

অ্যান্ড্রয়েডের জন্য ওয়েব জায়ান্ট গুগল এখন থেকে আর ওরাকল-এর জাভা ‘অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেইসেস’ (এপিআই) ব্যবহার করবে না বলে ঘোষণা দিয়েছে। এর বদলে ভবিষ্যত অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য ‘ওপেনজেডিকে’ ব্যবহার করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 06:15 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, গুগল যে ‘ওপেনজেডিকে’ ব্যবহার করবে, সেটিও ওরাকল-এর নিজস্ব প্রোগ্রামিং ইন্টারফেইসের একটি ওপেন-সোর্স সংস্করণ।

গুগলের হিসেব হল-- ‘জাভার সাধারণ কোডবেইজ’ তৈরি করে এ পরিবর্তনটি অ্যাপ ডেভেলপমেন্টকে আরও সহজ করবে। অ্যান্ড্রয়েডের কোড এর ব্যাপারে গুগল এমন কোনো সিদ্ধান্ত নিতে পারে এমনটাই অনুমান করা হচ্ছিল বলে জানিয়েছে এনগ্যাজেট। এর পেছনে মূল কারণ হচ্ছে, গুগল-এর সঙ্গে ওরাকল-এর চলমান আইনি লড়াই। ওই আইনি লড়াইয়ের উপর অনেকাংশেই নির্ভর করছে কেমন হতে পারে ভবিষ্যত অ্যান্ড্রয়েড সংস্করণ ও অ্যান্ড্রয়েড অ্যাপের কোডিং।

২০১০ সালে জাভা এপিআই নিয়ে গুগলের বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়েছিল ওরাকল। প্রতিষ্ঠানটি সে সময় অভিযোগে জানিয়েছিল, তাদের জাভা এপিআই সঠিকভাবে ব্যবহার করছে না গুগল। আত্মপক্ষ সমর্থন করে গুগলের দাবি ছিল, যে এপিআই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে, সেটি সফটওয়্যার উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় এবং সেজন্য এটির কোনো ‘কপিরাইট’ থাকা উচিত নয়।

পরে ২০১২ সালে মার্কিন জুরি বোর্ডের সদস্যরা গুগলের পক্ষে রায় জানিয়েছিল। কিন্তু এতেও হাল ছাড়েনি ওরাকল।

মামলাটি নিয়ে ফেডারেল আদালতের শরণাপন্ন হয়েছিল প্রতিষ্ঠানটি। ফেডারেল আদালত আবার নিজ রায়ে গুগলের বিপক্ষে রায় দিয়েছিল। পরবর্তীতে আর মামলাটি নিতে রাজিই হয়নি যুক্তরাষ্ট্রের উচ্চ আদালত, উল্টো মামলাটি যে নিম্ন আদালতে শুরু হয়েছিল, সেখানেই পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে সেখানেই লড়ছে গুগল-ওরাকল।

কোডিংবিষয়ক নতুন এ পরিবর্তনটি অ্যান্ড্রয়েড এন ডেভেলপারদের উপর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া পরিবর্তনটির ফলে আরও ভাল অ্যাপ এবং দ্রুত আপডেট পাওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে এনগ্যাজেট।