২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস হটাবে টুইটার!

‘হয়রানিমূলক ব্যবহার আর নোংরা আচরণ’- এর উপর নিজেদের নীতিমালা শক্ত করছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এর ফলে উগ্রপন্থি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে সংশ্লিষ্ট এমন হাজারও অ্যাকাউন্ট মুছে দেওয়া হতে পারে মাইক্রোব্লগিং সেবাটি থেকে। 

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 06:10 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

প্রচারণা আর নতুন কর্মী নিয়োগের জন্য সামাজিক মাধ্যমগুলোকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে আইএস। সন্ত্রাসী গোষ্ঠীটির ওই কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি, একাধিকবার এমন সমালোচনার মুখে পরেছে টুইটার।

যদিও পরিবর্তিত নীতিমালার কোথাও টুইটার সরাসরি আইএস-এর নাম নেয়নি, তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “আপনি কোনো সহিংসতা প্রচার বা সরাসরি আক্রমণ বা বর্ণ, জাতি, জাতিগত উৎপত্তি, লিঙ্গ, লিঙ্গ পরিচয় প্রদান, যৌন আকর্ষণ, ধর্ম, বয়স, বা রোগের উপর ভিত্তি করে কাউকে হুমকি প্রদান করতে পারবেন না”। বলা হচ্ছে নীতিমালার এই পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়বে ফলে আইএসের অ্যাকাউন্টগুলোর উপর।

এই নীতিমালা কার্যকর করতে টুইটার যেসব ‘চ্যালেঞ্জের’ মুখোমুখি হতে হবে, তার মধ্যে আইএস-এর সঙ্গে যুক্ত এমন হাজারও অ্যাকাউন্ট সরানো অন্যতম বলে জানিয়েছে স্কাই নিউজ। ওই অ্যাকাউন্টগুলো এখনও টুইটারে রয়েছে এবং হয়রানিমূলক কাজ করে যাচ্ছে। অ্যাকাউন্টগুলো মুছে দেওয়া হলে ইউজারনেইম কিছুটা পরিবর্তন করে নতুন প্রোফাইল চালু করা হচ্ছে।

যেসব প্রোফাইল নীতিমালা লঙ্ঘন করে সেগুলোর বিরুদ্ধে অন্যান্য ব্যবহারকারীর অভিযোগ করার উপায় পরিবর্তিত নীতিমালায় সহজ করা হবে বলে আশা করা হচ্ছে। এর আগ পর্যন্ত টুইটারে শুধু একটি সাধারণ সতর্কবার্তা দেওয়া ছিল- ‘অন্যদের বিরুদ্ধে সহিংসতা ছড়ালে বা হুমকি দিলে’ নিষিদ্ধ করা হবে।

চলতি বছর ব্রুকিংস ইনস্টিটিউট-এর এক প্রতিবেদনে জানানো হয়, ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ওই বছরের ডিসেম্বরের মধ্যে উগ্রপন্থি সংগঠনটি ৪৬ হাজারেরও বেশি টুইটার অ্যাকাউন্ট পরিচালনা করেছে। এসব অ্যাকাউন্টগুলোর মধ্যে কিছু অ্যাকাউন্ট আইএস-এর ভিডিও প্রচারেও ব্যবহার করা হত।