নতুন অ্যাপ বিল্ডার ‘অ্যাপেক্স’
নিজস্ব অ্যাপ বিল্ডিং প্ল্যাটফর্ম পুরো ঢেলে সাজিয়ে ‘অ্যাপেক্স (Apex)’ নামে লঞ্চ করেছে শীর্ষস্থানীয় ‘ডু ইট ইওরসেলফ (ডিআইওয়াই)’ অ্যাপ ও ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্লাটফর্ম নির্মাতা ‘বিজনেস অ্যাপস’ (Bizness Apps)। অ্যাপলের আইটিউনস অ্যাপ স্টোরের ৫ শতাংশ অ্যাপই প্রতিষ্ঠানটির অ্যাপ ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে তৈরি।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপ নির্মাণের সময় কমিয়ে আনার পাশাপাশি একাধিক ডিজাইনের সমন্বয়, অ্যাপ নির্মাণ ও বাজারজাতকরণ একই ওয়েবভিত্তিক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য তৈরি করা হয়েছে নতুন অ্যাপ ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মটি।
সোজা কথায় বললে, ক্রেতার জন্য দ্রুত একটি ইন্টার্যাক্টিভ অ্যাপ তৈরিতে একজন ওয়েব প্রফেশনালের যা যা প্রয়োজন তার সব কিছুই রয়েছে অ্যাপেক্সে--মন্তব্য করেছে টেকক্রাঞ্চ।
২০১০ সালে যাত্রা শুরু করে বিজনেস অ্যাপস। ৫ লাখেরও বেশি অ্যাপ তৈরি করা হয়েছে প্রতিষ্ঠানটির প্লাটফর্ম ব্যবহার করে।
অ্যাপেক্স ব্যবহার করে ডেভেলপাররা সহজে লয়াল্টি প্রোগ্রাম ও ওর্ডারিং সিস্টেম-এর মতো ইন্টারএক্টিভ মডিউল যোগ করতে পারবেন তাদের অ্যাপে। প্ল্যাটফর্মটি ব্যবহার করে অ্যাপের বাহ্যিক চেহারাও কাস্টমাইজ করতে পারেন নির্মাতারা।
এ ছাড়াও সরাসরি অ্যাপেক্স থেকেই আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে অ্যাপ সাবমিশন করা যাবে। অ্যাপ স্টোর থেকে অনুমোদন পাওয়ার পর পুশ নোটিফিকেশন এবং ‘এনগেজমেন্ট ট্র্যাকিং’-এর মতো ফিচারও আছে এতে।
ওয়েবসাইটের বদলে অ্যাপের উপর গুরুত্ব বাড়িয়ে বিজনেস অ্যাপস আদতে একটি বড় বাজি ধরছে বলে মন্তব্য করেছে টেকক্রাঞ্চ। ক্রেতাদের সংস্পর্শে আসার ক্ষেত্রে মূল ওয়েবসাইটের চেয়ে অ্যাপগুলো বেশি কার্যকর হবে এমনটাই আশা করছে প্রতিষ্ঠানটি। কিন্তু দিন শেষে মূল ওয়েবসাইট আর অ্যাপগুলোর বিভিন্ন ফিচার ও সুবিধার মধ্যে দূরত্বের কারণে অ্যাপগুলো ক্রেতা ও ডেভেলপার উভয়পক্ষের জন্য কতটা ইতিবাচক সে প্রশ্ন তুলেছে টেকক্রাঞ্চ।
