ভারতের অর্থনীতিতে আসছে মাইক্রোসফট
প্রযুক্তির সাহায্য নিয়ে আরও উন্নত অর্থনীতি চালু করতে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের সঙ্গে সমঝোতা স্মারক চুক্তি (এমওইউ) করতে যাচ্ছে ভারতের অন্ধ্র প্রদেশ সরকার। এ চুক্তি স্বাক্ষর করতে ইতোমধ্যেই ভারতে পৌঁছেছেন মাইক্রোসফট প্রধান সত্য নাদেলা।
সোমবার ওই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। সেদিন অন্ধ্র প্রদেশ প্রধানমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডুর সঙ্গে প্রাতরাশ করবেন সত্য নাদেলা। আর এ সময়ই এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)।
ওই চুক্তির অংশ হিসেবে অন্ধ্র প্রদেশ সরকারকে প্রযুক্তিগতভাবে শিক্ষা, কৃষি ও ইসিটিজেন সেবা দিতে সহায়তা করবে মাইক্রোসফট। এ ছাড়াও মাইক্রোসফটের অ্যাজিওর মেশিন লার্নিং অ্যান্ড ভিজুয়ালাইজেশন ল্যাবের প্রযুক্তি সাহায্য নিতে পারবে প্রাদেশিক সরকার। ওই প্রযুক্তির মাধ্যমে আরও ভাল জনসেবা প্রদান করা যাবে ও দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জনে এটি প্রভাবক হিসেবে কাজ করবে বলে প্রদেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে। উন্নত কৃষি, শিক্ষা ও জনসেবার জন্য ক্লাউড সেবাও দেবে প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে সরকারী কর্মকর্তাদের প্রশিক্ষণও দেবে মাইক্রোসফট।
নিজ শহরে পারিবারিক অনুষ্ঠান শেষে তেলাঙ্গানা সরকারের বানানো সবচেয়ে বড় টেকনোলজি ইনকিউবেটর টি-হাব পরিদর্শন করবেন নাদেলা। এখানে তাকে টি-হাবের বিভিন্ন সুবিধাদি দেখানো হবে। তেলাঙ্গানার তথ্যপ্রযুক্তি মন্ত্রী কে. তারাকারামা রাও ও অন্যান্য কর্মকর্তারা তাকে টি-হাব সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেবেন।
১৯৯৮ সালে ভারতে নিজস্ব ডেভেলাপমেন্ট সেন্টার তৈরি করেছে মাইক্রোসফট। যুক্তরাষ্ট্রের রেডমন্ডে প্রধান কার্যালয়ের বাইরে এটিই প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় অফিস।
