২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দ্য হেটফুল এইট’ ও ‘দ্য রেভেন্যান্ট’ লিকড

২০১৫ সালের বড়দিনটা হেসে-খেলে পালন করা হলো না কুয়েন্টিন ট্যারান্টিনো আর আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর মতো একাধিক হলিউডি পরিচালকের। ট্যারান্টিনোর ‘দ্য হেটফুল এইট’ ও ইনারিতুর ‘দ্য রেভেন্যান্ট’-সহ মুক্তির অপেক্ষায় থাকা একাধিক হলিউডি সিনেমার কপি চুরি করে অনলাইনে পোস্ট করে দিয়েছে ‘হাইভ-সিএম৮’ নামে পরিচয়দানকারী একদল হ্যাকার।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 02:47 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল ট্যারান্টিনোর ‘দ্য হেটফুল এইট’ ও ইনারিতুর ‘দ্য রেভেন্যান্ট’-এর। কিন্তু হ্যাকাররা সিনেমা দুটির কপি চুরি করে অনলাইনে ফাঁস করে দিয়েছে ২০ ডিসেম্বর।

সর্বশেষ ‘স্পটলাইট’ সিনেমাটির কপি অনলাইনে পোস্ট করেছে হ্যাকারদের দলটি। এটি ফাঁস করা সিনেমাগুলোর মধ্যে নবম দাবি করে সব মিলিয়ে ৪০টি নতুন সিনেমার কপি নিজেদের হাতে আছে এবং একে একে সবগুলো ফাঁস করা হবে বলে হুমকি দিয়েছে সিএম৮।

টরেন্টফ্রিকের দেওয়া তথ্য অনুযায়ী, অনলাইনে ফাঁস করার পর এখন পর্যন্ত ৩ লাখ বার ডাউনলোড করা হয়েছে ‘দ্য হেটফুল এইট’। এতে কম করে হলেও ৩ লাখ দর্শক হারাবে প্রেক্ষাগৃহগুলো, যা নেতিবাচক প্রভাব ফেলবে সিনেমাটির মুনাফার পরিমাণে।

অন্যদিকে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ জানিয়েছে, সিনেমাগুলোর যে কপি হ্যাকাররা অনলাইনে ফাঁস করছে তার সবগুলোই ডিভিডি কপি। ধারণা করা হচ্ছে সিনেমা মুক্তি পাওয়ার আগেই সমালোচক এবং অ্যাওয়ার্ড প্যানেলের বিচারকদের দেখানোর জন্য যে কপিগুলো তৈরি করা হয়েছিল, বেহাত হয়ে গেছে সেগুলোই।

হ্যাকিংয়ের শিকার সিনেমার তালিকায় আছে, ‘ক্রিড’, ‘লিজেন্ড’, ‘জয়’, ‘স্টিভ জবস’, ‘দ্য ডেনিশ গার্ল’ এবং ‘ব্রিজ অফ স্পাইস’।

ডিভিডি কপি চিহ্নিত করার জন্য স্টুডিওগুলো জলছাপ ব্যবহার করে। ওই জলছাপের সূত্র ধরে ‘দ্য হেটফুল এইট’-এর কপিটি অ্যালকন এন্টারটেইনমেন্টের কো-সিইও অ্যান্ড্রু কসোভ-এর কাছ থেকে বেহাত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে--জানিয়েছে হলিউড রিপোর্টার। কিন্তু ওই ডিভিডি তার কাছে পাঠানো হয়েছে সেটা জানতেনই না বলে দাবি করেছেন কসোভ। এফবিআই-এর তদন্তে সর্বোচ্চ সহযোগিতা করছেন বলেও দাবি করেছেন তিনি।

‘হাইভ-সিএম৮’ প্রায় ৫ বছর ধরে তৎপর বলে ধারণা করা হয়ে থাকে। ‘দ্য হবিট’, ‘টুয়েলভ ইয়ার্স এ স্লেভ’, ‘দ্য সোশাল নেটওয়ার্ক’ এবং ‘ইন্টারস্টেলার’ সিনেমাগুলো হ্যাকারদের ওই দলটিই মুক্তির আগে অনলাইনে ফাঁস করে দিয়েছিল।