‘ফ্রি বেসিক্স’ নিয়ে ফেইসবুকের ক্যাম্পেইন
ভারতে ‘ফ্রি বেসিক্স’ চালু রাখতে নতুন ক্যাম্পেইন শুরু করেছে ফেইসবুক কর্তৃপক্ষ। সাইটটিতে লগ-ইন করলেই ক্যাম্পেইনে সমর্থন জানানোর জন্য নোটিফিকেশন পাবেন ভারতীয় ব্যবহারকারীরা।
প্রযুক্তিবিষয়ক ভারতীয় সাইট টেকট্রি এক প্রতিবেদনে জানিয়েছে, নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীরা ভারতের ‘টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (টিআরএআই)’-এর কাছে ইমেইল পাঠিয়ে ফ্রি বেসিক্স রক্ষা করার জন্য আবেদন জানাতে পারবেন।
ফ্রি বেসিক্স-এর মাধ্যমে বিনা খরচে ইন্টারনেটে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কৃষিকাজসহ বিভিন্ন বিষয়ে তথ্য ও সেবা পাবেন ইন্টারনেটের খরচ বহন করা সম্ভব নয় এমন ভারতীয় ব্যবহারকারীরা।
নোটিফিকেশন থেকে ব্যবহারকারীরা যে ‘প্রি-টাইপড ইমেইল’ পাবেন, তাতে উল্লেখ করা আছে যে ভারতের সিংহভাগ নাগরিক এখনও ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত এবং ফ্রি বেসিক্স বন্ধ করে দিলে দেশটির ডিজিটাল পরিবর্তন বাঁধাগ্রস্থ হবে।
ফেইসবুক ফ্রি বেসিক্স-এর মতো সেবা দিয়ে বিনা খরচে ইন্টারনেট সেবা দিতে চাইলেও ব্যাপক সমালোচনার মুখে পরেছে ওই প্রকল্পটি। নেট নিরপেক্ষতা ইসুতে বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে এটি। গেল অক্টোবর মাসেই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উদ্ভাবক টিম বার্নার্স-লি ফেইসবুকের এই প্রকল্পকে ‘না’ বলে দেন সরাসরি।
