চালকবিহীন গাড়ি: গুগল-ফোর্ড আলোচনা
স্বয়ংক্রিয় গাড়ি নির্মাণ প্রকল্পে সহায়তা পেতে যুক্তরাষ্ট্রের অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড মোটর কোম্পানির সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল।
এই আলোচনায় চুক্তি সম্পন্ন হলে, ২০১৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে লাস ভেগাসে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কনজিউমার শো’তে এটি আনার আশা করা হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।
এ বিষয়ে গুগলের একজন মুখপাত্র জানিয়েছেন, এমন ভাবনা নিয়ে কোনো মন্তব্য করবে না প্রতিষ্ঠানটি। যদিও, গুগল যে ফোর্ডের সঙ্গে এ নিয়ে আলাপ করছে তা নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
২০২০ সালের মধ্যে বাজারে চালকবিহীন গাড়ি আনার চেষ্টায় গতি বাড়াতে চলতি বছরের শুরুতে বিশ্বের বড় বড় সব অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানদের সঙ্গে আলোচনা শুরু করে গুগল। সেই সঙ্গে প্রচলিত-অপ্রচলিত সব ধরনের সরবরাহকারীর সঙ্গে মিলে দলও গঠন করে প্রতিষ্ঠানটি।
জুনে নিজেদের ডিজাইন করা ছোট বুদ্বুদাকৃতির চালকবিহীন গাড়ির প্রোটোটাইপ নিয়ে পরীক্ষা চালানো শুরু করে গুগল। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি নিজস্ব চালকবিহীন গাড়ির ইউনিট তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে পিছিয়ে থাকলেও এ বছরের শুরুতে চালকবিহীন গাড়ি বানানোর ক্ষেত্রে নিজেদের চেষ্টা ত্বরান্বিত করে ফোর্ড। এ খাতে স্বয়ংক্রিয় ব্রেকিং, হাতমুক্ত গাড়ি চালনাসহ উন্নত নিরাপত্তা প্রযুক্তি বানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সামনের পাঁচ বছরের প্রতিষ্ঠানটির বৈশ্বিক ব্যবসায় এমন পরিবর্তন আনার কথা রয়েছে।
এ বিষয়ে জানতে গুগল বা ফোর্ডের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
