ইতিহাস গড়লো স্পেসএক্স
মহাকাশ থেকে ঘুরে আসার পর ‘ফ্যালকন ৯’ রকেটকে খাড়াভাবে অবতরণ করাতে সক্ষম হয়েছে স্পেসএক্স। মঙ্গলবার সকালে ফ্লোরিডা থেকে টেক অফের ১০ মিনিট পর কেপ ক্যানাভেরালে অবতরণ করে ফ্যালকন ৯। ব্যক্তিমালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের তৈরি কোনো মহাকাশযানের খাড়াভাবে অবতরণের এটাই প্রথম ঘটনা।
ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর জন্য ফ্যালকন ৯-এর এই সাফল্য একটি বড় অর্জন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ওয়্যার্ড ডটকম। ২৩-তলার সমান উচু রকেটটি ভূপৃষ্ঠ থেকে ১২৫ মাইল উচ্চতায় ১১টি কমিউনিকেশন্স স্যাটেলাইট পৌঁছে দিয়ে পৃথিবীতে ফিরে আসে।
জুন মাসে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের জন্য মজুদ নিয়ে যাত্রার শুরুতেই বিদ্ধস্ত হয়েছিল স্পেসএক্সের মালিকানাধীন আরেকটি ফ্যালকন ৯ রকেট। ওই দুর্ঘটনার পর থেকে বেশ চাপের মুখে ছিল ইলন মাস্কের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি।
এর আগে গ্রাসহপার রকেট থেকে সাফল্য এলেও একাধিকবার উচ্চক্ষমতা সম্পন্ন রকেট ল্যান্ড করানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিল স্পেসএক্স। ১৪-তলার সমান দুটি রকেট চলতি বছরের জানুয়ারি ও এপ্রিলে অবতরণ করানোর চেষ্টা করেছিল প্রতিষ্ঠানটি। ল্যান্ডিংয়ের সময় ভেঙে পরে এবং বিস্ফোরিত হয় উভয় রকেট।
প্রথমেই রকেটটির অবতরণ পরবর্তী অবস্থা পর্যালোচনা করে দেখা হবে। এটি আবারও ব্যবহার উপযোগী কি না, সেটাও পরীক্ষা করে দেখা হবে তবে তা শুধুই প্রয়োজনীয় ডেটা সংগ্রহ করার জন্য। অন্যদিকে ফ্যালকন ৯ রকেট-এর নির্মাণ ও জ্বালানী খরচ সমসাময়িক অন্যান্য মহাকাশযানের থেকে কম হওয়ায় এটি বসিয়ে রেখে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার চিন্তাও করছেন না মাস্ক। এর নির্মাণ খরচ ১ কোটি ৬০ লাখ ডলার এবং জ্বালানী খরচ ২ লাখ ডলার।
