২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৬-তে নতুন ব্ল্যাকবেরি

২০১৬ সালে নিজেদের দ্বিতীয় অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন আনতে পারে কানাডিয়ান স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি, এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জন চেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 10:17 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) এ বিষয়ে জন চেক কে উদ্ধৃত করেছে।

“২০১৬ সালে আমরা হাই-এন্ড, সম্ভবত মাঝারি দামের কাছাকাছি স্মার্টফোন আনার দিকে মনোযোগ দিচ্ছি।”

সর্বশেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির রেভিনিউ প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। আর প্রতিষ্ঠানটির প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্ল্যাকবেরি প্রিভের বিক্রি যথেষ্ট ভালো ছিল বলে জানিয়েছেন চেন।

ওই প্রান্তিকে নিজেদের বৈশ্বিক রেভিনিউ ৫৪ কোটি ৮০ লাখ ডলার বলে জানায় প্রতিষ্ঠানটি, যা তাদের আগের প্রান্তিকের তুলনায় ১১.৮ শতাংশ বেশি। এই প্রথমবার টানা দুই প্রান্তিকে রেভিনিউ বাড়ল প্রতিষ্ঠানটির।

এই মূহুর্তে মাত্র চারটি দেশে ব্ল্যাকবেরি পাওয়া যাচ্ছে। সামনের তিন মাসে আরও ৩১টি অঞ্চলে এই স্মার্টফোন বের করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

এর আগে চলতি বছর অগাস্টে ব্ল্যাকবেরি প্রিভই প্রতিষ্ঠানটির শেষ স্মার্টফোন হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। কিন্তু বাজারে প্রিভের হাত ধরে নতুন করে আশার আলো পায় প্রতিষ্ঠানটি, উড়ে যায় এমন আশংকা।