২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসম্যান-এর শেয়ার কিনবে প্যানাসনিক

১২০ কোটি ডলারের বিনিময়ে মার্কিন রেফ্রিজারেশন নির্মাতা প্রতিষ্ঠান হাসম্যান-এর অধিকাংশ শেয়ার কিনতে যাচ্ছে জাপানিজ ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক কর্পোরেশন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 05:51 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

এক প্রতিবেদনে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, রেফ্রিজারেশন প্রক্রিয়া নির্মাতা হাসম্যান-এর অধিকাংশ শেয়ার কিনলেও তা সরাসরি প্রতিষ্ঠানটির কাছ থেকে কেনা হবে না। প্রাইভেট ইকুয়িটি সংস্থা ক্লেটন ডাবলিয়ের অ্যান্ড রাইস-এর কাছ থেকে ওই শেয়ার কিনবে প্যানাসনিক।

সোমবার এ বিষয় সম্পর্কে নিশ্চিত করেছে এর সঙ্গে সংশ্লিষ্ট এবং নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি। বিষয়টি নিয়ে তারা গণ্যমাধ্যম বা কোনো ব্যক্তিকে জানানোর অধিকার রাখেন না বলেই নিজেদের চিহ্নিত করতে চাননি বলে জানিয়েছে রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, প্যানাসনিক যে শেয়ারগুলো কিনতে যাচ্ছে, সেগুলোর মালিকানা ২০১১ সালে শিল্প গোষ্ঠী ইঙ্গারসোল-র‌্যান্ড পিএলসি-এর কাছ থেকে বুঝে নিয়েছিল ক্লেটন ডাবলিয়ের অ্যান্ড রাইস।

কাঙ্খিত মুনাফা না হওয়ায় বেশ আগেই স্মার্টফোন, প্লাজমা টেলিভিশন সেটস ও সেমিকন্ডাক্টর-এর মতো ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল প্যানাসনিক। বর্তমানে বেশি মুনাফা অর্জনের আশায় প্রতিষ্ঠানটি উন্নত ও স্বয়ংক্রিয় প্রযুক্তির দিকে ঝুঁকেছে বলেই জানিয়েছে রয়টার্স।

তবে প্যানাসনিক আদৌ মার্কিন রেফ্রিজারেশনভিত্তিক প্রতিষ্ঠান হাসম্যান-এর শেয়ার কিনবে কিনা, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানায়নি প্রতিষ্ঠানটি।