২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ছোট ভার্চুয়াল রিয়ালিটি ক্যামেরা

আকারে গোপ্রো ক্যামেরার মতোই ছোট কিন্তু তিনটি ক্যামেরার মাধ্যমে ৩৬০ ডিগ্রিতে ভিডিও ধারণ করতে পারবে এরকম নতুন ধরনের অ্যাকশন ক্যামেরা তৈরি করবে ফ্রেঞ্চ স্টার্টআপ জাইরোপটিক।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 05:45 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, সম্প্রতি নতুন ধরনের এই অ্যাকশন ক্যামেরা তৈরির জন্য ৪০ লাখ ৫০ হাজার ডলার তহবিল সংগ্রহ করেছে জাইরোপটিক।

জাইরোপটিক আসলেই ক্যামেরাটি তৈরি করতে পারলে, বিষয়টি ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট-এর জন্য বেশ ভালো হবে বলেই মন্তব্য করেছে টেকক্রাঞ্চ। কারণ ক্যামেরাটি পার্শ্ববর্তী চলমান ঘটনা ৩৬০ ডিগ্রিতে ধারণ করতে সক্ষম হবে, আর ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট-এর মাধ্যমে ওই ভিডিওর আসল মজা পাওয়া সম্ভব হবে বলেই জানিয়েছে টেকক্রাঞ্চ।

স্টার্টআপটি জানিয়েছে, তাদের তৈরি এই ক্যামেরাটি শুধু পেশাদারকেন্দ্রিক হবে না। ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে আগ্রহী যেকোনো ব্যক্তি এ ক্যামেরাটি ব্যবহার করতে পারবেন। অন্যদিকে টেকক্রাঞ্চ মন্তব্যে জানিয়েছে, সময়ের স্রোতে ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তি যদি মূলধারায় চলে আসে, তাহলে বাণিজ্যিকভাবেও লাভবান হতে পারবে প্রতিষ্ঠানটি।

একই ধরনের অন্যান্য ক্যামেরার তুলনায় জাইরোপটিক-এর এ ক্যামেরাটি ভিন্ন হবে বলেই জানিয়েছে এর পরিকল্পনাকারী প্রতিষ্ঠানটি। ‘রিয়েল এস্টেট’ এবং ‘ফরেনসিক’-এর জন্য যাতে ডিম্বাকৃতির এই ক্যামেরাটি সহজে ব্যবহার করা যায়, সেজন্য প্রায় বছরখানেক এর পেছনে সময় ব্যয় করেছে জাইরোপটিক।

বর্তমানে ক্যামেরাটি আনার পাশপাশি ভিন্ন আরেকটি পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির। ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট ছড়িয়ে পড়ার পর ক্যামেরাটি দোকানে বিক্রির পরিকল্পনা আগাম করে রেখেছে জাইরোপটিক।