জামিনে থাই ‘এক্টিভিস্ট’ শিক্ষার্থী
ফেইসবুক পোস্টের কারণে গ্রেপ্তার হওয়া থাই শিক্ষার্থীকে জামিন দিয়েছে দেশটির সামরিক আদালত। থাইল্যান্ডের সামরিক শাসন ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক-এ সমালোচনামূলক পোস্ট দেওয়ায় হাসপাতাল থেকে ওই ২৫ বছর বয়সী এক্টিভিস্ট শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছিল দেশটির গোয়েন্দা বিভাগের পুলিশ।
সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার থাইল্যান্ড-এর এক সামরিক আদালত গ্রেপ্তার হওয়া শিক্ষার্থী ও অ্যাক্টিভিস্ট থানেট আনান্টওয়াং-এর জামিন মঞ্জুর করে।
হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামন্যাস্টি ইন্টারন্যাশনালসহ অন্যান্য মানবাধিকার সংস্থা আনান্টওয়াং-এর চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তার জামিন দাবি করেছিল। আনান্টওয়াং-এর উকিল আনন নাম্পা জানান, ব্যাংকক রিমান্ড কারাগার থেকে মুক্তির পর যত দ্রুত সম্ভব আনান্টওয়াং-কে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে।
১৩ ডিসেম্বর থেকে আনান্টওয়াং সামরিক ঘাঁটিতে বন্দী ছিলেন। অস্ত্রোপাচারের জন্য হাসপাতালে ভর্তি থাকাকালীন গোয়েন্দা বিভাগের পুলিশরা তাকে গ্রেপ্তার করে বলেই জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।
২০১৪ সালের মে মাসে অভ্যুথানের মাধ্যমে দেশটিতে সামরিক শাসন শুরু হওয়ার পর থেকেই সামরিক সরকার অন্যান্য রাজনৈতিক দলের সব আন্দোলন নিষিদ্ধ করার পাশাপাশি দেশটির অ্যাক্টিভিস্ট ও সাংবাদিকদের আটক করছে বলেই জানিয়েছে রয়টার্স।
এখন জামিনে মুক্তি পেলেও ডিসেম্বরের ২৯ তারিখ থেকে আনান্টওয়াং-কে প্রতি ১২ দিন পর পর আদালতে হাজিরা দিতে হবে বলেই জানিয়েছেন আইনজীবী নাম্পা।
