২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার হুমকিতে প্লেস্টেশন ও এক্সবক্স

জাপানিজ ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা সনি-এর প্লেস্টেশন নেটওয়ার্ক এবং সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের এক্সবক্স লাইভ হ্যাক করার হুমকি দিয়েছে নতুন এক হ্যাকার দল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 05:26 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ‘ফ্যান্টম স্কোয়াড’ নামের ওই হ্যাকার দল বিগত কিছুদিন যাবত টুইট বার্তায় বড়দিনে প্লেস্টেশন নেটওয়ার্ক ও এক্সবক্স লাইভ হ্যাক করার পরিকল্পনা কথা জানাচ্ছে।

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে বেশ কিছু সংখ্যক টুইট বার্তায় ‘ফ্যান্টম স্কোয়াড’ লিখেছে, “কে জানে, আমরা বড়দিনের আগের রাত অথবা বড়দিনে সার্ভারে হামলা চালাবো? এখন বিষয়টি আপনার উপর, আপনি কি এবারের বড়দিনে এমন কোনো কনসোলের পেছনে অর্থ নষ্ট করবেন বা অফলাইনে থাকবে?”

হ্যাকিংয়ের জন্য সনি এবং মাইক্রোসফট-কে বেছে নেওয়ার কারণ হিসেবে হ্যাকার দলটি জানিয়েছে, তারা প্রমাণ করে দিতে চায় যে, প্রতিষ্ঠান দুটি সাইবার নিরাপত্তার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করেনি। এ বিষয়ে বুধবার এক টুইট বার্তায় ফ্যান্টম স্কোয়াড লিখেছে, “এক্সবক্স লাইভ এবং প্লেস্টেশন লাখো ডলার আয় করছে..কিন্তু তারা কী সে অর্থ আরও ভালো নিরাপত্তার জন্য ব্যয় করছে। না... আর তাই যতক্ষণ তারা সচেতন হরেবন না, ততক্ষণ এক্সবক্স লাইভ এবং প্লেস্টেশন দুর্বলই থাকবে।”

টুইট বার্তায় দলটি আরও জানিয়েছে, “আমাকে অসংখ্য মানুষ প্রশ্ন করেছেন আমরা কেন এ ধরনের কাজ করি? কেন আমরা প্লেস্টেশন এবং এক্সবক্স লাইভ-এ হামলা চালাবো? কারণ সাইবার নিরাপত্তা বলে কিছু নেই।”

ইতোমধ্যেই হ্যাকার দলটি বছরের শুরুতে গেইমিং প্লাটফর্মগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ভার স্বীকার করেছে এবং সম্প্রতি রেডিট বন্ধ হয়ে যাওয়ার পেছনেও তাদের হাত ছিল বলে জানিয়েছে।