২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাচস্ক্রিন প্যানেলে নিনটেনেডো পেটেন্ট

নিজেদের গেইম কনসোলের জন্য টাচস্ক্রিন ফ্রন্ট প্যানেলের পেটেন্ট পাওয়ার জন্য আবেদন করেছে জাপানিজ কনজিউমার ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান নিনটেনডো। প্রতিষ্ঠানটি আগেই জানিয়েছেল, তাদের আসন্ন গেইম কনসোল এনএক্স-এ ভিন্নতা আনার পরিকল্পনা করা হচ্ছে। তবে সে ভিন্নতার অর্থ হিসেবে যে এই পেটেন্ট আবেদন বুঝানো হয়েছিল, সেটি হয়তো টের পাওয়া যায়নি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 04:42 PM

Updated : 22 Aug 2022, 02:14 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, কনসোল নির্মাতা এই প্রতিষ্ঠানটি এমন টাচস্ক্রিন প্যানেলের জন্য পেটেন্ট আবেদন করেছে যা কনসোলের চেহারাই পাল্টে দেবে।

গেইমপ্যাড ডিজাইনের ক্ষেত্রে কনসোলের সামনের অংশের সম্পূর্ণ প্যানেলেই যাতে টাচস্ক্রিন দেওয়া সম্ভব হয়, সে বিষয়টি পেটেন্ট আবেদনের মাধ্যমে নিশ্চিত করতে চাইছে প্রতিষ্ঠানটি। তবে গেইমারদের মধ্যে যারা পুরোনো কন্ট্রোল প্যানেল পছন্দ করেন, তাদের হতাশ হবার কোনো কারণ নেই। কারণ কন্ট্রোল প্যানেলে টাচস্ক্রিনের পাশাপাশি অ্যানালগ স্টিক এবং শোল্ডার বাটনও থাকবে বলেই জানিয়েছে এনগ্যাজেট। শুধু ফ্রন্ট-ফেসিং বাটনগুলো থাকবে না। 

যদি নিনটেনেডো এ ধরনের গেইমিং কনসোল বাজারে আনতে সক্ষম হয়, তাহলে গেইমাররা কনসোলে নতুন যুক্ত প্রযুক্তির বদৌলতে শুধু বাটন চেপেই ভিজুয়াল এফেক্টের মজা উপভোগ করতে পারবেন। এ ছাড়াও আগের কনসোলের গেইমপ্যাডের মতো আকারে এটি বড় হবে না, শুধু একটি কার্ড স্লটের মাধ্যমেই সরাসরি গেইম ডেটা ইনপুট করা সম্ভব হবে বলেই জানিয়েছে এনগ্যাজেট।      

তবে এখন পর্যন্ত সম্পূর্ণ বিষয়টি কাগজে কলমেই রয়েছে। নিনটেনডো যে তাদের সামনের কনসোলেই এরকম প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে, বিষয়টি সেরকম নয় বলেই মন্তব্য করেছে এনগ্যাজেট।