২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে এসেছে ‘নিরাপত্তা ড্রোন’

নিরাপত্তা আরও জোরদার করতে নতুন ‘নিরাপত্তা ড্রোন’ বাজারে নিয়ে এসেছে জাপানিজ নিরাপত্তা প্রতিষ্ঠান সেকোম কোম্পানি লিমিটেড। অনেক প্রতীক্ষার পর বাজারে এই নিরাপত্তা ড্রোন এল এমন মন্তব্যই করেছে অনলাইন সাইট এনগ্যাজেট।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 04:39 PM

Updated : 22 Aug 2022, 02:14 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, নতুন এই ড্রোনটি স্বয়ংক্রিয়ভাবেই ‘প্রবেশ নিষেধ’ এলাকায় অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে পারবে।

সেকোম নির্মিত এই রোবট ড্রোনটি যে শুধু অনুপ্রবেশকারী গাড়ি এবং মানুষকে চিহ্নিত করতে পারবে তা নয়, স্বয়ংক্রিয়ভাবেই ওই অনুপ্রবেশকারীকে তাড়া করবে ড্রোনটি। তাড়া করে ওই অনুপ্রবেশকারী মানুষের মুখের ছবি অথবা গাড়ির লাইসেন্স প্লেটের নম্বরের ছবি তুলে নিয়ে আসবে। ‘তবে অনুপ্রবেশকারী যদি জানেন, কীভাবে পালাতে হয়, তাহলে মনে হয় না ড্রোনটি ভালো কোনো ফলাফল দিতে পারবে’- এমন মন্তব্যও করেছে এনগ্যাজেট।

প্রযুক্তিবিষয়ক সাইটটির এরকম মন্তব্য করার অন্যতম কারণ হচ্ছে, ড্রোনটির ছোটার গতি। বর্তমানে এই নিরাপত্তা ড্রোনটি ঘন্টায় ৬ মাইল বেগে ছুটতে পারে। অন্যদিকে নিরাপত্তা ড্রোনের বর্ণনা শুনে খুশি হওয়ার কিছু নেই বলেও জানিয়েছে এনগ্যাজেট। কারণ ড্রোনটি ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনা যাবে না।

নির্মাতা প্রতিষ্ঠান সেকোম ড্রোনটির মূল্য নির্ধারণ করেছে ৬,৬২০ ডলার। আর এর নিরাপত্তা সেবা চালু রাখার জন্য প্রতি মাসে ৪১ ডলার করে চার্জ দিতে হবে বলেই জানিয়েছে এনগ্যাজেট।