শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন আনছে ওকিটেল
১০ হাজার মিলিঅ্যাম্প আওয়ার (mAh) ক্ষমতাসম্পন্ন ব্যাটারির নতুন স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে চীনা স্মার্টফোন নিমার্তা প্রতিষ্ঠান ওকিটেল। একবারের চার্জেই ‘কে১০০০০’ মডেলের ওই স্মার্টফোনটি একটানা ১০ থেকে ১৫ দিন পর্যন্ত চলতে পারবে বলেই দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
‘কে১০০০০’ মডেলের ওই স্মার্টফোনটিতে যে শুধু এতদিন চার্জ থাকবে, তা নয়। স্মার্টফোনটির মালিকরা চাইলে মোবাইলটির সাহায্যে অন্যান্য ডিভাইসও চার্জ করতে পারবেন। সহজ ভাষায় বললে, স্মার্টফোনের পাশাপাশি ডিভাইসটি একটি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা সম্ভব হবে।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, ব্যাটারির ক্ষমতা বাড়াতে গিয়ে স্মার্টফোনটির স্পেসিফিকেশন ও ফিচারে ছোটখাট কিছু ছাড় দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ওকিটেল।
ওকিটেলের নতুন এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়াড-কোর ১ গিগাহার্টজ মিডিয়াটেক প্রসেসর, আরও থাকছে ৫.৫ ইঞ্চির ৭২০পি স্ক্রিন, ৮ মেগাগপিক্সেল রিয়ার ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ১৬ গিগাবাইট পর্যন্ত ফাইল স্টোরেজ ক্ষমতা।
অন্যদিকে স্মার্টফোনটি বিশ্বের সব জায়গায় থ্রিজি এবং এলটিই প্রযুক্তি ব্যবহারে সক্ষম না হলেও, অবাক হওয়ার কিছু নেই বলেই জানিয়েছে এনগ্যাজেট। কারণ ১০ হাজার মিলিঅ্যাম্প আওয়ার (mAh) ক্ষমতাসম্পন্ন ব্যাটারির স্মার্টফোন তৈরি করতে গিয়ে স্পেসিফিকেশনে প্রভাব পড়ার বিষয়টি অস্বাভাবিক কিছু নয় বলেই মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইটটি।
২০১৬ সালের জানুয়ারি মাসের ২১ তারিখ বাজারে আসবে ওকিটেলের ‘কে১০০০০’ মডেলের নতুন এই স্মার্টফোন। প্রি-অর্ডারের মাধ্যমে স্মার্টফোনটি কিনতে আগ্রহী ক্রেতাদের ২৪০ ডলার খরচ পড়বে বলে জানিয়েছে এনগ্যাজেট।
