ফেইসবুক কার্যালয়ে হামলা!
সম্প্রতি জার্মানির হামবুর্গ-এ অবস্থিত ফেইসবুক কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার ফেইসবুকের ওই কার্যালয়ে হামলা চালিয়ে দুর্বৃত্তরা গ্লাস ভাঙা ও রং ছুড়ার পাশাপাশি কার্যালয়ের দেওয়ালে স্প্রে করে ‘ফেইসবুক ডিসলাইক’ লিখে দিয়েছে বলেই জানিয়েছে উত্তর জার্মান শহটির পুলিশ।
এক প্রতিবেদনে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, বিষয়টি নিয়ে বর্তমানে তদন্ত করছে হামবুর্গ পুলিশ।
এ প্রসঙ্গে এক বিবৃতিতে পুলিশ বলেছে, “ফেইসবুক কার্যালয়ে রাতের বেলা সংগঠিত ওই হামলায় ১৫ থেকে ২০ জনের একটি দল অংশ নিয়েছিল এবং হামলাকারীদের সবার গায়ে কালো কাপড় এবং মাথায় হুড ছিল। এ সম্পর্কে ইতোমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।” অন্যদিকে এ বিষয়ে ফেইসবুক মুখপাত্র জানিয়েছে, দুর্বৃত্তদের ওই হামলায় কারো কোনো ক্ষতি হয়নি। তবে হামলার পেছনের সম্ভাব্য কারণ প্রসঙ্গে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানাতে রাজি হননি তিনি।
বর্তমানে জার্মানিতে ফেইসবুকের ইউরোপিয়ান প্রধান মার্টিন ওট-এর ব্যাপারে তদন্ত চলছে। সাইট থেকে বর্ণবিদ্বেষী ‘হেইট স্পিচ’ সড়াতে ব্যর্থ হওয়ায় এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই জানিয়েছে রয়টার্স। ‘হেইট স্পিচ’ সড়াতে ব্যর্থ হওয়ায় ফেইসবুকের উত্তর, কেন্দ্রীয় এবং পূর্ব ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক ওট-কে নভেম্বরে দায়ী করেছিলেন দেশটির এক আইনজীবি মুখপাত্র।
ওই তদন্ত প্রসঙ্গে নভেম্বরে ফেইসবুক মুখপাত্র কোনো মন্তব্য জানাতে রাজি না হলেও, বলেছিলেন, “আমরা এটুকু বলতে পারি, এই অভিযোগের কোনো ভিত্তি নেই এবং ফেইসবুক বা প্রতিষ্ঠানটির কোনো কর্মী কোনো প্রকারের জার্মান আইন লংঘন করেনি।”
