পিসির বিরুদ্ধে গুগলের ‘কোয়ান্টাম প্রতিশোধ’
শুরুর দিকের পরীক্ষায় মন ভেঙেছিল সংশ্লিষ্ট বিজ্ঞানীদের অনেকেরই, ঘরের আর দশটি পিসির পারফর্মেন্সের কাছে যে হেরে গিয়েছিল গুগল আর নাসার কোয়ান্টাম কম্পিউটার। এবার পাল্টে গেছে সেই দৃশ্যপট, নিজেদের ডি-ওয়েভ কোয়ান্টাম কম্পিউটার প্রচলিত ডেস্কটপের তুলনায় ১০৮ গুণ ভাল পারফর্ম করছে বলে জানিয়েছে মার্কিন টেক জায়ান্ট গুগল।
আরও সহজ করে বললে, প্রচলিত ডেস্কটপ পিসির থেকে গুগলের ডি-ওয়েভ কোয়ান্টাম কম্পিউটারের গতি ১০ কোটি গুণ বেশি।
প্রযুক্তিবিষয়ক সাইট ওয়্যার্ড ডটকম জানিয়েছে, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজেদের কোয়ান্টাম কম্পিউটার গবেষণা নিয়ে অগ্রগতি জানান গুগলের ইঞ্জিনিয়ারিং প্রধান হার্টমুট নেভান। আর নেভানের বক্তব্য হল, “ডি-ওয়েভ এক সেকেন্ডে যা করে, প্রচলিত একটা কম্পিউটারের তা করতে ১০ হাজার বছর লাগবে।”
ডি-ওয়েভ নিয়ে বিস্তারিত এক গবেষণা প্রতিবেদনে প্রকাশ করেছে গুগল। ওই প্রতিবেদন অনুযায়ী, প্রচলিত ‘সিঙ্গল প্রসেসর’ কম্পিউটারের বিপরীতে বিভিন্নভাবে প্রতিদ্বন্দ্বীতা করেছে ডি-ওয়েভ। আর প্রতিটি ক্ষেত্রেই জিতেছে গুগলের কোয়ান্টাম কম্পিউটারটি। তবে একই ধরনের কম্পিউটারের বিপরীতে ডি-ওয়েভের পারফর্মেন্স কেমন সেটা এখনও যাচাই করে দেখেনি গুগল।
এই প্রকল্পে গুগলের সঙ্গে আছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট আর হার্ডওয়্যার নির্মাতা আইবিএমও। ডি-ওয়েভে বিনিয়োগ করেছে উভয় প্রতিষ্ঠান। বলা হয়ে থাকে, কোয়ান্টাম কম্পিউটার পদার্থ বিজ্ঞান ও যান্ত্রিক বুদ্ধিমত্তা বিষয়ক এমন সব জটিল সমস্যার সমাধান করতে পারবে যা এতদিন বিজ্ঞানীদের তো বটেই শক্তিশালী সুপার কম্পিউটারেরও নাগালের বাইরেই রয়ে গেছে।
অন্যদিকে নাসা এই প্রযুক্তি নিয়ে আগ্রহী কারণ মহাকাশ অভিযানের পরিকল্পনা, প্রক্রিয়া ইত্যাদি অনেক সহজ করে দিয়ে মহাকাশ অভিযানের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতির আগাম সমাধান দিতে পারবে কোয়ান্টাম কম্পিউটার।
