বন্যা ঠেকাবে রোবট আর কংক্রিট
বন্যা মোকাবেলায় নতুন প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে যুক্তরাজ্যে। ইতোমধ্যেই দেশটিতে ‘রোবো-ডোজার’ নামের একটি রিমোটচালিত রোবট কাজ করছে যার মূল কাজই হচ্ছে নদীর পানি কোনো বাধা ছাড়াই প্রবাহিত হতে সাহায্য করা। সেই সঙ্গে দেশটির নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান টারমাক নতুন এক ধরনের কংক্রিট উৎপাদন করছে যা শুষে নেবে বন্যার পানি।
রোবট আর কংক্রিটের যৌথ ব্যবহার দেশটির বন্যা নিয়ন্ত্রণে সহায়ক ভুমিকা পালন করবে বলে আশার কথা জানিয়েছে স্কাই নিউজ। যুক্তরাজ্যের ওয়েলশ-এ ইতোমধ্যেই ‘রোবো-ডোজার’ দিয়ে নদীর প্রবাহ ঠিক রাখার কাজ শুরু হয়েছে। এর ফলে নদীর পানি বিনা বাধায় প্রবাহিত হওয়ায় এটি বন্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে।
রোবো-ডোজার প্রসঙ্গে ‘ন্যাচারাল রিসোর্স ওয়েলশ’-এর কর্মকর্তা মার্ক সাবিন বলেন, “এটি আকারে ছোট হওয়ায় খুব সহজেই ব্রিজের নিচে জায়গা করে নিতে পারে এবং এর অপারেটর ব্রিজের বাইরে থেকেই এটি নিয়ন্ত্রণ করতে পারেন। আর এই রোবটগুলো অত্যন্ত নিখুঁত। ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে এটি খুব দ্রুত কন্ট্রোলার থেকে সিগন্যাল নিয়ে কাজ করতে পারে।”
সেই সঙ্গে বন্যা নিয়ন্ত্রণে নতুন ধরনের কংক্রিট বানিয়েছে টারমাক। এই কংক্রিট দ্রুত পানিশোষণ করতে পারে। এর ফলে স্থানীয় পানি নিষ্কাশনের লাইনে বন্যার পানি পৌঁছাতে বেশী সময় নেয়, ফলে পানি উপচে পড়ে চারপাশ প্লাবিত হওয়ার আশঙ্কা হ্রাস পায়। এই কংক্রিট মাত্র এক মিনিটে প্রতি বর্গমিটারে ৮৮০ গ্যালন পানি শোষণ করতে পারে বলে দাবি করেছে এর নির্মাতারা।
ভারী বৃষ্টিপাতের সময় বন্যার আশঙ্কায় থাকে যুক্তরাজ্যের বিভিন্ন শহর। ২০০৭ সালের বন্যায় কয়েক লাখ পাউন্ডের আর্থিক ক্ষতির শিকার হয়েছিলেন ভুক্তভোগীরা। ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবেলা করতে এই উদ্যোগ নিয়েছে দেশটি।
